বসুন্ধরায় ৭৬টি চোরাই মোবাইল ও দুই কার্টুন সিরিঞ্জ উদ্ধার, বিদেশি নাগরিকসহ আটক দুই

বিশেষ সংবাদদাতা : রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে সাঁড়াশি অভিযান চালিয়ে ৭৬ টি অবৈধ চোরাই মোবাইল ফোন, মোবাইলের যন্ত্রাংশ ও দুই কার্টুন সিরিঞ্জসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এদের মধ্যে একজন চীনা নাগরিক এবং অপরজন বাংলাদেশী বলে জানা গেছে।

গ্রেফতারকৃতরা হলো- চীনা নাগরিক ওয়াং ইওয়জিয়ান (৩৩) ও আলফাত হোসেন শুভ (২৬)।

গতকাল বুধবার (১৭ ডিসেম্বর, ২০২৫) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে গোপন সূত্রের ভিত্তিতে ডিবি সাইবার বিভাগের দু’টি টিম যৌথ অভিযান পরিচালনা করে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

আজ বৃহস্পতিবার ডিএমপি পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এসব তথ্য জানানো হয়েছে।

ডিবি সাইবার সূত্রে জানা যায়, বুধবার ১৭ ডিসেম্বর রাতে ডিবি সাইবার বিভাগ (উত্তর) সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম এবং অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম বসুন্ধরা আবাসিক এলাকার কে ব্লকে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে একজন চীনা নাগরিক ও এক বাংলাদেশীকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের হেফাজত থেকে বিভিন্ন মডেলের ৪৫ টি আইফোন, বিভিন্ন ব্র্যান্ডের ৩১ টি অ্যান্ড্রয়েড ফোন, ১০টি মোবাইল ফোন ডিসপ্লে, একটি ল্যাপটপ, মোবাইল চেকারবোর্ড, ফোনের ব্যাটারি বুস্টার, ফোনের টুলবক্স, ফোনের কেসিং, দুই কার্টুন ইনজেকশন সিরিঞ্জ ও একটি টাকা গণনার মেশিন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com