নেইমারকে দলে নেওয়ার কারণ ব্যাখ্যা করলেন আনচেলত্তি

আন্তর্জাতিক অনলাইন :ডেস্ক :ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনা হয়েছে নেইমারকে ঘিরে। তার নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকেরা। রিও ডি জেনেইরোতে বড় পর্দায় দল ঘোষণার সময় নেইমারের নাম শুনে দর্শকদের উল্লাসে কিছু সময়ের জন্য থেমেও যেতে হয় ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তিকে।

নেইমারকে দলে নেওয়ার পেছনে জনপ্রিয়তা কাজ করেছে কি না—এমন প্রশ্ন উঠলেও আনচেলত্তি স্পষ্টভাবে জানিয়েছেন, মূল বিবেচনা ছিল তার শারীরিক সক্ষমতা ও অভিজ্ঞতা।

ব্রাজিল কোচ বলেন, নেইমার তার শারীরিক অবস্থার অনেক উন্নতি করেছে এবং বিশ্বকাপে সে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠবে। তার বিশ্বাস, বিশ্বকাপ শুরুর আগেই আরও ভালো অবস্থায় পৌঁছে যাবেন এই তারকা ফুটবলার।

আনচেলত্তি আরও বলেন, বড় আসরে খেলার অভিজ্ঞতা নেইমারের রয়েছে এবং দলের সবাই তাকে ভালোবাসে।

২০২৩ সালের অক্টোবরে গুরুতর চোটে পড়ার পর এবারই প্রথম জাতীয় দলে ফিরলেন ১২৮ ম্যাচ খেলা নেইমার। এক বছর আগে ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তাকে দলে ডাকলেন আনচেলত্তি। দল ঘোষণার আগেই নেইমারও ইঙ্গিত দিয়েছিলেন তার ফেরার বিষয়ে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিতিতে সান্তোসের পাশাপাশি ব্রাজিলের নামও যোগ করেন তিনি।

অন্যদিকে, চোটের কারণে বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন রদ্রিগো, এস্তেভাও ও মিলিতাও। এছাড়া জায়গা হয়নি চেলসির ফরোয়ার্ড জোয়াও পেদ্রোরও। এ বিষয়ে আনচেলত্তি বলেন, তার জন্য খারাপ লাগছে, তবে দলে জায়গার প্রতিযোগিতা অনেক বেশি।

আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com