স্টাফ রিপোর্টার : জাতিসংঘের পুলিশ প্রধানদের পঞ্চম শীর্ষ সম্মেলনে অংশ নিতে আগামী জুনের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার সঙ্গে সফরে থাকবেন পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকিরও।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আগামী ৫ থেকে ৮ জুন পর্যন্ত এই উচ্চপর্যায়ের সফর অনুষ্ঠিত হবে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের প্রতিনিধি দলে আরও থাকছেন পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক খন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত উপমহাপরিদর্শক আবদুল্লাহ আল-মামুন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া।
সফরকালে দ্বিপাক্ষিক আইনশৃঙ্খলা সহযোগিতা বৃদ্ধি এবং আধুনিক পুলিশি ব্যবস্থার উন্নয়ন নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি বৈশ্বিক সন্ত্রাসবাদ ও সাইবার অপরাধ দমন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
এছাড়া আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও দীর্ঘ অভিজ্ঞতা তুলে ধরার দিকেও জোর দেবে প্রতিনিধি দল।
আগামী ৭ ও ৮ জুলাই নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে দুই দিনব্যাপী ‘পঞ্চম জাতিসংঘ পুলিশ প্রধান শীর্ষ সম্মেলন’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে বিভিন্ন দেশের মন্ত্রী, নীতিনির্ধারক, পুলিশ প্রধান এবং আঞ্চলিক নিরাপত্তা সংস্থার ঊর্ধ্বতন প্রতিনিধিরা অংশ নেবেন।
আন্তর্জাতিক শান্তি, টেকসই নিরাপত্তা এবং উন্নয়ন নিশ্চিতে জাতীয় ও আন্তর্জাতিক পুলিশি সহযোগিতার ভূমিকা নিয়েই মূল আলোচনা হবে এই সম্মেলনে।