বিজয়া দশমী আজ

নিজস্ব প্রতিবেদক :শারদীয় দুর্গোৎসবের মহানবমী উদযাপিত হয়েছে। আর আজ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। তাই, মণ্ডপে-মণ্ডপে এখন বাজছে বিদায়ের ঘণ্টা।

গতকাল মঙ্গলবার সকালে মহানবমী বিহিত পূজার্চনা, ব্রতোপবাস, যজ্ঞ, পুষ্পাঞ্জলিসহ নানা আয়োজনে মহানবমী উদযাপিত হয়। ঢাকের বোল, উলুধ্বনি, শঙ্খ এবং কাঁসরের তালে পূজার আনুষ্ঠানিকতা শেষ হয়। গতকাল মহানবমীতে পূজামন্ডপে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত দর্শনার্থীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। এদিন পূজার্চনা ও আরাধনার পাশাপাশি আরতি, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহানবমীতে মন্ডপে মন্ডপে দেবীর বিদায়ের আবহ শুরু হয়। আজ বুধবার হবে বিজয়া দশমী। সকালে দেবীর দর্পণ বিসর্জন, বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপূজার পাঁচ দিনের আনুষ্ঠানিকতা।

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের এ বছর ৬ দিনের দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জনের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা গত ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয়। টানা ছয় দিনের আনন্দ উৎসবের পর বুধবার বিজয়া দশমীর দিন দেবী বিসর্জনের মাধ্যমে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। বিজয়া দশমী উপলক্ষে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন।

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকা এক ভিন্ন সাজে সজ্জিত হয়। মণ্ডপ প্রাঙ্গণে তৈরি করা হয় বর্ণিল তোরণ। বিভিন্ন পূজামণ্ডপে এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *