হামে আক্রান্তদের ৭৪ শতাংশই টিকার বাইরে: স্বাস্থ্য অধিদফতর …

অনলাইন সংস্করণ :দেশে হামে আক্রান্ত শিশুদের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, আক্রান্তদের মধ্যে ৭৪ শতাংশই কোনো টিকা গ্রহণ করেনি। এছাড়া ১৪ শতাংশ শিশু টিকার মাত্র একটি ডোজ পেয়েছিল বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বুধবার (২৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরে হামের পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত প্রায় ১ কোটি ৯ লাখ শিশুকে টিকার আওতায় আনা হয়েছে, যা লক্ষ্যমাত্রার ৬১ শতাংশ। তিনি জানান, কোনো শিশুকেই টিকার বাইরে রাখা হবে না।

তিনি আরও বলেন, দেশে বর্তমানে হামের সংক্রমণের যে সর্বোচ্চ পর্যায় চলছে, তা দ্রুতই কমে আসবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে যে ৩০টি উপজেলাকে হটস্পট হিসেবে চিহ্নিত করে টিকাদান কার্যক্রম চালানো হয়েছিল, সেখানে সংক্রমণ ইতোমধ্যে কমতে শুরু করেছে।

স্বাস্থ্য অধিদফতর শিশুদের হামে আক্রান্ত হলে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে না নেওয়ার পরামর্শ দিয়েছে। মহাপরিচালক জানান, সব হাসপাতালে পৃথক চিকিৎসা ব্যবস্থা চালু আছে, তাই স্থানান্তরের প্রয়োজন নেই। পাশাপাশি আগামী মাসের প্রথম সপ্তাহে নিয়মিত টিকাদান কর্মসূচির জন্য নতুন টিকা দেশে আসবে বলেও তিনি জানান।

ডেঙ্গু পরিস্থিতি নিয়েও ব্রিফিংয়ে কথা বলেন ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। তিনি জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে স্থানীয় সরকার বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গে ২২৭ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৫ হাজার ৯৮০ শিশুতে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে ২৪ হাজার ৩১০ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছিল, যাদের মধ্যে ২০ হাজার ৮২২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এছাড়া ৪ হাজার ৯৪৪ শিশুর শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com