সিরাজগঞ্জে চালককে গলাকেটে হত্যার পর অটোভ্যান ছিনতাই…

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ :সিরাজগঞ্জের রায়গঞ্জে চালক নাঈম হোসেনকে (২৫) গলাকেটে হত্যার পর তার অটোভ্যান ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার খৈচালাবিল পাড়ে তার গলাকাটা মরদেহ পাওয়া যায়। এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মালতীনগর গ্রামের বাড়ি থেকে অটোভ্যান নিয়ে বের হয়ে আর ফিরে আসেননি তিনি। নিহত নাঈম হোসেন মালতীনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে। রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় যুবক নাঈম অটোভ্যান নিয়ে বের হয়ে যায়। তিনি আর রাতে বাড়ি ফিরে আসেননি। পরদিন বুধবার সকালে ওই উপজেলার খৈচালাবিল পাড়ে তার গলাকাটা লাশ দেখতে পায় স্থানীয়রা। দুপুরের দিকে অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) মো. সাইফুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা উল্লেখিত স্থানে তাকে গলা কেটে হত্যার পর অটোভ্যান ছিনতাই করে নিয়ে গেছে। এ ব্যাপারে তার স্ত্রী বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ইতোমধ্যেই এ ঘটনায় বিশেষ অভিযান শুরু করা হয়েছে এবং ২/১ দিনের মধ্যেই এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে সলংগা থানার কালিকাপুরে চালক বৃদ্ধ জাহের আলী আকন্দকে হত্যার পর তার অটোভ্যানটি ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনার প্রায় দেড় সপ্তাহ পার হলেও পুলিশ ওই হত্যাকাণ্ডে জড়িত কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। তবে ছিনতাই হওয়া অটোভ্যান গাড়ি উদ্ধার হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com