কাশিয়ানীতে জাল দলিলে জমি দখলের অভিযোগ

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সিংগা ইউনিয়নের আন্দারকোটা গ্রামে জাল দলিলের মাধ্যমে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা ও ভূক্তভোগী রবিন বিশ্বাস অভিযোগ করেন—নিহাররঞ্জন বিশ্বাস তার বৈধভাবে ক্রয় করা জমিতে জালিয়াতির মাধ্যমে দখল নেওয়ার চেষ্টা করছেন।

রবিন বিশ্বাস জানান, তিনি ২০২৪ সালে একই গ্রামের প্রশান্ত বিশ্বাসের কাছ থেকে জমিটি ক্রয় করে নিয়মিত ভোগদখল করে আসছেন। কিন্তু নিহাররঞ্জন বিশ্বাস ২০০৫ সালের একটি দলিল দেখিয়ে দাবি করেন যে দুলাল বিশ্বাসের মাধ্যমে তিনি জমিটি কিনেছেন। এতে রবিন বিশ্বাসের সন্দেহ সৃষ্টি হয়।

তিনি বলেন, পরবর্তীতে নিহাররঞ্জন বিশ্বাস ও দুলাল বিশ্বাস জমিতে প্রবেশ করে দখলের চেষ্টা করলে বিষয়টি আরও পরিষ্কার হয়। পরে তিনি জানতে পারেন, তার দলিল দাতা প্রশান্ত বিশ্বাসের নাম ব্যবহার করে একটি জাল দলিল তৈরি করা হয়েছে।

এ ঘটনায় জমির মালিকানা বজায় রাখতে রবিন বিশ্বাস গোপালগঞ্জ আমলি আদালতে দুলাল বিশ্বাস, হাদান বিশ্বাস, কিশোর বিশ্বাস, সুশেনবিশ্বাস, গুরুপদ বিশ্বাস ও নিহাররঞ্জন বিশ্বাসকে আসামি করে মামলা দায়ের করেছেন। জাল দলিলের মালিক দাবি করা দুলাল বিশ্বাস বলেন, আমি প্রশান্তের কাছে টাকা পাই। তাই টাকা না দেওয়ায় লিখে নিয়েছি।

অন্যদিকে হাদান বিশ্বাস, কিশোর বিশ্বাস ও সুশেন বিশ্বাস ক্যামেরার সামনে বলেন, জমি বা দলিলের ব্যাপারে আমরা কিছুই জানি না। আমাদের না জানিয়ে দলিলে স্বাক্ষী করেছে। জাল দলিলের সম্পতি ক্রয়কারি নিহাররঞ্জন বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি সাংবাদিকদের এড়িয়ে যান।

ভূক্তভোগী রবিন বিশ্বাসের দলিল দাতা প্রশান্ত বিশ্বাস ফোনে বলেন, আমি রবিনকে ছাড়া অন্য কোথাও জমি বিক্রি করিনি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন নজরদারি বাড়িয়েছে।

স্থানীয় সুশীল সমাজের দাবি—জমি সংক্রান্ত এই জালিয়াতির দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনা জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com