হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা-এর ১ নম্বর ওয়ার্ড বলাখাল এলাকায় গণসংযোগ করেছেন সম্ভাব্য মেয়র প্রার্থী মোহাম্মদ হাসান মিয়াজী। আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার (২৭ জুন) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গণসংযোগকালে তিনি স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
এদিন বিকালে বলাখাল বাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদে আছরের নামাজ আদায় করে বলাখাল বাজারে গণসংযোগ শুরু করেন। এরপর তিনি ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বলাখাল, মধ্য বলাখাল, তুলাতলি বাজারসহ পুরো এলাকায় গণসংযোগ করেন।
গণসংযোগকালে পৌর ১ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গণসংযোগ শেষে তিনি তাঁর কার্যালয়ে পৌরসভার বিভিন্ন এলাকা থেকে আসা দলীয় নেতাকর্মী, স্থানীয় বাসিন্দা ও এলাকাবাসীর সঙ্গে সাক্ষাৎ করেন।
মোহাম্মদ হাসান মিয়াজী বলেন, আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে তিনি মেয়র প্রার্থী। তবে বিএনপির একজন কর্মী হিসেবে তিনি দলীয় সমর্থন প্রত্যাশী। দল যদি তাকে মনোনীত করে সমর্থন দেয়, তাহলে তিনি নির্বাচন করবেন। আর যদি অন্য কাউকে সমর্থন করে, তবে তার সঙ্গেই থাকবেন।
হাজীগঞ্জ পৌরসভার কাঙ্ক্ষিত উন্নয়ন এবং জবাবদিহিতামূলক কার্যক্রম নিশ্চিত করা হবে উল্লেখ করে তিনি বলেন, মেয়র নির্বাচিত হলে আধুনিক পৌরসভা গড়ার লক্ষ্যে প্রশাসনের সহযোগিতায় মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং দমন এবং নারী নিরাপত্তা নিশ্চিত করা হবে।
ইঞ্জি. মমিনুল হক-এর পরামর্শ ও সহযোগিতায় হাজীগঞ্জ বাজারের যানজট নিরসনে দ্রুততম সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। পাশাপাশি বিধিবহির্ভূতভাবে পৌরসভার অর্থ আত্মসাৎ হয়—এমন কোনো প্রকল্প গ্রহণ করা হবে না।
তিনি আরও বলেন, পৌরসভার ১২টি ওয়ার্ডে সমবণ্টনের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে। ময়লা ফেলার নির্ধারিত স্থানসহ বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জলাবদ্ধতা নিরসনে ১২টি ওয়ার্ডে ড্রেন নির্মাণ করা হবে। যেসব ওয়ার্ডে প্রাথমিক বিদ্যালয় নেই, সেসব ওয়ার্ডে বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, হতদরিদ্র মানুষের জন্য বাসস্থান, চিকিৎসা ও পড়ালেখায় আর্থিক সহযোগিতা দেওয়া হবে। এছাড়া মসজিদ ও মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন করা হবে। হকারদের পুনর্বাসনে পৌরসভা ও বাজার কমিটির সমন্বয়ে ব্যবসায়ী কমিটির মতামতের ভিত্তিতে কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। পাশাপাশি পৌর এলাকায় সৌন্দর্যবর্ধনেও উদ্যোগ নেওয়া হবে।