নিজস্ব প্রতিবেদক: ঐতিহাসিক ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন এবং এ উপলক্ষে প্রতি বছর সাধারণ ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
সোমবার (৫ অক্টোবর) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৩তম বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানানো হয়।
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি থাকবে।
এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্যাপনসংক্রান্ত পরিপত্রে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। দিনটি রাষ্ট্রীয়ভাবে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালিত হবে।
দুর্গাপূজার ছুটিও পুনর্নির্ধারণ
এদিকে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে সরকারি ছুটির তারিখও পুনর্নির্ধারণ করেছে মন্ত্রিসভা।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার সরকারি ছুটি থাকবে। একই সঙ্গে ১৭ অক্টোবর অফিস খোলা থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রিসভার নতুন সিদ্ধান্তের ফলে জাতীয় দিবসের তালিকায় ৭ নভেম্বরের মর্যাদা পুনর্নির্ধারণের পাশাপাশি এ দিনটিকে সাধারণ ছুটির আওতায় আনা হলো।