আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই: ডেপুটি স্পিকার

নিজস্ব প্রতিবেদক :আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল। তিনি বলেছেন, আওয়ামী লীগের নেতাদের রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে, সেটি আলাদা বিষয়; তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যবহার করে যারা জনগণের ওপর সহিংসতা চালিয়েছে, তাদের অবশ্যই আইনের আওতায় এনে বিচার করতে হবে।

সোমবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর সমাপনী দিনের একটি অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও দলটির অঙ্গসংগঠন ব্যবহার করে জনগণের বিরুদ্ধে সহিংসতা চালিয়েছে। এসব ঘটনায় যারা জড়িত, তাদের বিচার নিশ্চিত করা প্রয়োজন। তবে এই বিচার কেবল শাস্তি দেওয়ার জন্য নয়; ভবিষ্যতে যেন বাংলাদেশে কেউ আবার কর্তৃত্ববাদী ব্যবস্থা প্রতিষ্ঠার সাহস না পায়, সে জন্যও এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

কায়সার কামাল বলেন, আওয়ামী লীগের যেসব নেতা বর্তমানে বিদেশে অবস্থান করছেন, তাদের অনেকেই নিজেদের কর্মকাণ্ডের জন্য কোনো অনুশোচনা প্রকাশ করছেন না। রাজনৈতিক পুনর্মিলনের নামে তাদের দায়মুক্তি দেওয়ার কোনো সুযোগ থাকা উচিত নয়। তাদেরও আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, গত দেড় দশকে বাংলাদেশে বিচারব্যবস্থা কর্তৃত্ববাদী সরকারের প্রভাবের মধ্যে ছিল। বর্তমানে জনগণের সরকার ক্ষমতায় থাকায় বিচারব্যবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে এগোচ্ছে। ভবিষ্যতে দেশে একটি ন্যায়সংগত, স্বাধীন ও কার্যকর বিচারব্যবস্থা প্রতিষ্ঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ডেপুটি স্পিকার বলেন, একটি টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে শক্তিশালী ও স্বাধীন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অপরিহার্য। সরকারের বৈধতা ও জনগণের আস্থা নির্ভর করে স্বচ্ছতা, জবাবদিহি এবং আইনের শাসনের ওপর।

রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারকারীদের জবাবদিহির আওতায় আনার পাশাপাশি বিচারব্যবস্থাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার ওপরও গুরুত্ব দেন কায়সার কামাল। তাঁর মতে, স্বাধীন বিচারব্যবস্থা ও শক্তিশালী প্রতিষ্ঠানই দেশে গণতন্ত্র ও আইনের শাসনকে দীর্ঘমেয়াদে সুসংহত করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *