১৭ অক্টোবরের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট :আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২০, ২১ ও ২২ অক্টোবর (মঙ্গলবার থেকে বৃহস্পতিবার) দেশব্যাপী এই ছুটি পালিত হবে।

তবে এর আগে ১৭ অক্টোবর (শনিবার) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস অন্যান্য স্বাভাবিক কার্যদিবসের মতোই খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, জরুরি ও অত্যাবশ্যকীয় সেবাগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে। হাসপাতাল, চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন এই ছুটির আওতামুক্ত থাকবে।

এছাড়া বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট ও ডাক সেবা এবং এসবের সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরাও স্বাভাবিক নিয়মে কাজ চালিয়ে যাবেন।

জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলোও এ ছুটির বাইরে থাকবে। প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে যে, ছুটির মধ্যে ব্যাংকিং কার্যক্রম কীভাবে চলবে সে বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

একইভাবে আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত জানাবে। এছাড়া বেসরকারি খাতের শিল্পপ্রতিষ্ঠান ও কলকারখানার ছুটির বিষয়ে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *