ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মধ্যে বিদ্যমান প্রশাসনিক দ্বৈততা দূর করে সমন্বিত কার্যক্রম নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন। একই সঙ্গে হলমার্ক, জনতা ব্যাংক ও বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কোনো কর্মকর্তা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ১০ নম্বর দাবির ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।
আখতার হোসেন বলেন, “আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কিছু দুর্বলতা ও প্রশাসনিক ঘাটতি এখন স্পষ্ট হয়ে উঠেছে। বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মধ্যে দীর্ঘদিনের প্রশাসনিক দ্বৈততা ব্যাংকিং খাতের সুশাসনের জন্য বাধা হয়ে রয়েছে।”
তিনি বলেন, “অতীতে হলমার্ক, জনতা ব্যাংক ও বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির মতো ঘটনা বিভাগের দুর্বলতা বা সংশ্লিষ্টদের সম্পৃক্ততার কারণেই ঘটেছে।” এসব ঘটনায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কোনো কর্মকর্তা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে অভ্যন্তরীণভাবে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।
ঋণ পুনঃতফসিলের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এ সংসদ সদস্য বলেন, “আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অনেক ক্ষেত্রে ঋণ পুনঃতফসিল করে থাকে। এর ফলে খেলাপি ঋণের প্রকৃত চিত্র আড়াল হওয়ার আশঙ্কা তৈরি হয়, যা দেশের ব্যাংকিং খাতের জন্য উদ্বেগজনক।”
তিনি অর্থমন্ত্রীর কাছে জানতে চান, ঋণ পুনঃতফসিলের ক্ষেত্রে কীভাবে কার্যকর তদারকি নিশ্চিত করা হবে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মধ্যে বিদ্যমান প্রশাসনিক দ্বৈততা ও জটিলতা নিরসনে সরকার কার্যকর পদক্ষেপ নেবে বলেও তিনি আশা প্রকাশ করেন।