সোনা মসজিদ স্থলবন্দরে বাংলাদেশ-ভারত ব্যবসায়ীদের যৌথ সভা 

বাসস: দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ও ভারতের মহদিপুর স্থলবন্দরে যৌথ সভা করেছেন বাংলাদেশ ও ভারতের আমদানি-রপ্তানিকারকেরা। 

আজ রোববার দুপুরে সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের আয়োজনে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

বাণিজ্য সম্প্রসারণ ও বিদ্যমান সমস্যা সমাধানের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। সেমিনারে দুই দেশের ব্যবসায়ী নেতারা সোনামসজিদ-মহদিপুর স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বাড়ানোর পাশাপাশি যেসব পণ্য আদান-প্রদান বন্ধ রয়েছে তা পুনরায় চালুর দাবি জানান। 

ভারতীয় ব্যবসায়ীরা বলেন, এক সময় মসলা জাতীয় পণ্য এবং ফল আমদানি-রপ্তানি বেশি ছিল, যা এখন অনেকটা কমে গেছে। এসব পণ্যের আদান-প্রদান বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর জোর দেন। 

সেমিনারে সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি বাবুল হাসনাত দুরুলের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনটির সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি, দপ্তর সম্পাদক এসবি মাসুম বিল্লাহ, সোনামসজিদ সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের আহবায়ক মোস্তাফিজুর রহমান, সদস্যসচিব রুহুল আমিন, মহদিপুর রপ্তানিকারক গ্রুপের সহ-সভাপতি জগন্নাথ ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় ঘোষ, মহদিপুর সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তাপস কুণ্ডু ও সাবেক সাধারণ সম্পাদক ভূপ্রতি মণ্ডল প্রমুখ। এ সময় দুই দেশের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com