টঙ্গীতে ফ্লাইওভারের লিফট রুম থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গী বাজারে বাটা সু কোম্পানির সামনে ফ্লাইওভারের লিফট রুমের ভেতর থেকে এক অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। বুধবার সকালে স্থানীয়দের চোখে লাশটি পড়লে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

পুলিশ জানায়, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর। তাঁর পরনে ছিল প্যান্ট এবং গায়ে সোয়েটার, তবে কোনো প্রকার পরিচয়পত্র বা ব্যক্তিগত কাগজপত্র পাওয়া যায়নি। ফ্লাইওভারটির লিফট স্থাপনের কাজ এখনো সম্পন্ন না হওয়ায় লিফট রুমটি ফাঁকা ছিল। সেখানে কীভাবে লাশটি এল—তা নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে।

টঙ্গী পূর্ব থানার তদন্ত কর্মকর্তা এসআই মোসাব্বির হোসেন বলেন, “এখনো মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও জানান, মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে আশপাশের থানাগুলোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে।

অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা পুলিশের তদন্তের মাধ্যমে দ্রুত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com