গজারিয়ায় হাসপাতালের ডাস্টবিনের পাশে মিলল নবজাতক

ডেস্ক রিপোর্ট : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিনের পাশ থেকে নবজাতক কন্যাশিশু উদ্ধার হয়েছে। সোমবার (৩০ জুন) মধ্যরাত ১টার দিকে শিশুটি উদ্ধার হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, মধ্যরাতে হাসপাতাল প্রাঙ্গণে নবজাতকের কান্নার শব্দ শুনে এক আয়া বিষয়টি কর্তব্যরত নার্সদের জানান। পরে নার্স ও রোগীর স্বজনরা ডাস্টবিনের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করেন। উদ্ধারের সময় নবজাতকটি ক্ষুধার্ত ছিল। তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে খাবার ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. নুসরাত ফারজানা খান জানান, উদ্ধার হওয়া নবজাতকটির জন্ম সম্ভবত কিছুক্ষণ আগেই হয়েছিল। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, শিশু উদ্ধারের তথ্য জানতে পেরে রাতেই হাসপাতালে ছুটে যান গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়া। তিনি নবজাতকটির খোঁজখবর নেন এবং দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেন।

ইউএনও উম্মে হাফসা নাদিয়া বলেন, “আমি নিজেও একজন মা। খবরটি শুনে খুব কষ্ট পেয়েছি। শিশুটির নিরাপত্তা ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একই সঙ্গে কে বা কারা তাকে এখানে ফেলে গেছে, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com