ক্রীড়া ডেস্ক :আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একই সঙ্গে তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটি এডহক কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল আহসান।
তিনি জানান, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে বিসিবিতে তিন মাস মেয়াদে ১১ সদস্যের একটি এডহক কমিটি গঠন করা হয়েছে।
এনএসসি জানায়, ক্রিকেট বোর্ড স্বাধীনভাবে কাজ করতে না পারলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিষেধাজ্ঞা দিতে পারে। এ প্রেক্ষিতে বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার বিষয়টি ইতোমধ্যে আইসিসিকে ই-মেইলে জানানো হয়েছে। পাশাপাশি নতুন এডহক কমিটির তালিকাও সংস্থাটির কাছে পাঠানো হয়েছে।
এনএসসির প্রস্তাবিত ১১ সদস্যের অ্যাডহক কমিটি
সভাপতি—তামিম ইকবাল। সদস্যরা হলেন—রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম, ফাহিম সিনহা।