নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কারওয়ান বাজারে ব্যবসায়ীদের থেকে চাঁদা নেওয়া বন্ধ করার দাবিতে মানববন্ধন চলাকালে হামলার ঘটনা ঘটেছে। এক শ্রেণির চাঁদাবাজ নামধারী তথাকথিত দুর্বৃত্তদের সঙ্গে ব্যবসায়ীদের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
এতে বেশ কয়েকজন ব্যবসায়ী আহত হয়েছে। এই ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজ সোমবার (২৯ ডিসেম্বর,২০২৫) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার সংলগ্ন কাঁচামালের আড়ত এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, আজ সোমবার দুপুরে কারওয়ান বাজার সংলগ্ন কাঁচামালের আড়ত এলাকায় মানববন্ধন চলাকালে এই হামলার ঘটনার পর ব্যবসায়ীরাও লাঠিসোঁটা নিয়ে হামলাকারীদের তাড়া করেছেন। এ ঘটনায় দুর্বৃত্তদের সঙ্গে ব্যবসায়ীদের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। তবে এখন অবধি কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা ‘চাঁদাবাজের আস্তানা ভেঙে দাও- গুড়িয়ে দাও’, ‘চাঁদাবাজের আস্থানা এই বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দেন৷ স্থানীয় ব্যবসায়ী ও দোকানীরা সাংবাদিকদের জানান, আজকে পুলিশ প্রশাসন চাঁদাবাজদের পক্ষে কাজ করেছে। তারা প্রতিমাসে মাসোহারা পায় বলেই এমন হামলার পরেও তারা চুপ থাকে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী বলেন, আমরা চাঁদাবাজি বন্ধের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে মানববন্ধন করতেছিলাম কিন্তু হঠাৎ করেই আমাদের ওপর হামলা করা হয়। পাশেই পুলিশের সদস্য ছিল তবুও কীভাবে তারা এই হামলা করতে পারে আমরা জানতে চাই। এ ঘটনার পর আমরা ঐক্যবদ্ধভাবে এ হামলাকারীদের প্রতিহত করছি।
এই এলাকার কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করে বলেন, স্থানীয় চাঁদাবাজ আব্দুর রহমানের বাহিনী আমাদের ওপর হামলা করেছে। আমাদের শান্তিপূর্ণ অবস্থান তারা উত্তপ্ত করেছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই।
ব্যবসায়ীদের ভাষ্য মতে, ‘আত্মস্বীকৃত চাঁদাবাজ’ ও বহিষ্কৃত সাবেক তেজগাঁও থানা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও তার অনুসারীরা দীর্ঘদিন যাবৎ কারওয়ান বাজারের চাঁদাবাজি করছে। কারওয়ান বাজারে চাঁদা আদায় বন্ধ করতে এবং আব্দুর রহমানের গ্রেফতারের দাবিতে তারা শান্তিপূর্ণ মানববন্ধন করছিলেন।
তাদের অভিযোগ, শান্তিপূর্ণ মানবন্ধনে আব্দুর রহমানের অনুসারীরা অতর্কিত হামলা চালায়। এতে বেশ কয়েকজন ব্যবসায়ী আহত হয়েছে।
কারওয়ান বাজারের এক ব্যবসায়ী হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে চাঁদাবাজ আব্দুর রহমানকে গ্রেফতার করা না হলে কারওয়ান বাজারের ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করে রাজপথে আন্দোলনে নেমে আসবে।
এঘটনায় নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ইতোমধ্যে আমি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। আপনারা এজাহার দিলে এ বিষয়ে মামলা হবে। এখানে কোনোভাবেই বিশৃঙ্খলা করা যাবে না বলে মন্তব্য করেন পুলিশের এই কর্মকর্তা।