শ্রীপুরে আল রাজি হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু: দুই কর্মকর্তার যৌথ অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

সোহাগ রানা, গাজীপুর প্রতিনিধি : ​গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার আল রাজি হাসপাতালে ভুল চিকিৎসার কারণে এক নবজাতকের মৃত্যুর অভিযোগের ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। একই সাথে, ভবিষ্যতে এমন ভুল না করার শর্তে কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা (লিখিত অঙ্গীকার) নেওয়া হয়েছে।

​রবিবার (ডিসেম্বর ৭, ২০২৫) দুপুরে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাইদুল ইসলাম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম-এর নেতৃত্বে হাসপাতালটিতে এই যৌথ অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (ডিসেম্বর ৬, ২০২৫) উপজেলার গাজীপুর ইউনিয়নের আজুগিরচালা গ্রামের মো. নাজমুল ইসলাম ও শারমিন আক্তার দম্পতির সন্তান ভূমিষ্ঠের সময় আল রাজি হাসপাতালে চিকিৎসাজনিত অবহেলার শিকার হয়। ভুক্তভোগী পরিবার অভিযোগ করেন, ডাক্তার ছাড়াই নার্স দিয়ে প্রসবের চেষ্টা চালানো হয়, যার ফলস্বরূপ নবজাতকের মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনায় শনিবার রাতেই ভুক্তভোগী পরিবার শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ আমলে নিয়ে উপজেলা প্রশাসন রবিবার তাৎক্ষণিক অভিযানে নামে।

​এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম বলেন, “প্রাথমিক তদন্তে আমরা আল রাজি হাসপাতালের সেবার মান ও ব্যবস্থাপনায় গুরুতর অবহেলা পেয়েছি, যা নবজাতকের মৃত্যুর জন্য দায়ী হতে পারে। মানুষের জীবন নিয়ে অবহেলার কারণে হাসপাতালটিকে ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।”

​অন্যদিকে, শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাইদুল ইসলাম নিশ্চিত করেন, “জনগণের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখা হচ্ছে। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত মুচলেকা নিয়েছি যে তারা সকল সরকারি স্বাস্থ্য বিধি ও পেশাদারিত্ব বজায় রাখবেন। মুচলেকায় বলা হয়েছে, ভবিষ্যতে ন্যূনতম অবহেলা বা অযোগ্য ব্যক্তির মাধ্যমে চিকিৎসা কার্যক্রম চালালে তাদের বিরুদ্ধে আরও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।”

​জনস্বাস্থ্যের সুরক্ষায় উপজেলা প্রশাসনের এই ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলেও কর্মকর্তারা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com