জাকির হোসেন সুজন, রংপুর : রংপুরে সোমবার (৮ ডিসেম্বর) ২০২৫ খ্রিস্টাব্দে রংপুর পলিটেকনিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চূড়ান্ত বরখাস্তের দাবিতে অত্র প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী আজ সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, শিক্ষাগত পরিবেশ নষ্ট করা ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ এনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায়। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের আচরণে ক্ষুব্ধ ছিলেন তারা। অভিযোগ রয়েছে, শিক্ষক–শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণ, স্বেচ্ছাচারিতাসহ বিভিন্ন দুর্নীতিমূলক কর্মকাণ্ডের কারণে বিদ্যালয়ের সার্বিক শিক্ষা পরিবেশ ব্যাহত হচ্ছিল। এসব ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা কয়েক দফা অভিযোগ করলেও কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেয়নি বলে তারা দাবি করে।
এক শিক্ষার্থী বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে পড়াশোনা করতে চাই। একজন প্রধান শিক্ষকের কারণে পুরো বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হলে সেটা মেনে নেওয়া যায় না। তাই আমরা তাঁর চূড়ান্ত বরখাস্তের দাবি জানাচ্ছি।”
মানববন্ধনে বিভিন্ন শ্রেণির ছাত্র-ছাত্রীরা প্ল্যাকার্ড প্রদর্শন করে প্রধান শিক্ষককে অবিলম্বে অপসারণের দাবিতে স্লোগান দেন।
বিদ্যালয়ের একজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “শিক্ষার্থীদের অভিযোগ নতুন নয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। কর্তৃপক্ষ প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। ”অভিযুক্ত প্রধান শিক্ষকের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শিক্ষার্থীরা জানিয়েছেন, দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে তারা আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন।