মোঃ তাজুল ইসলাম বাদল মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে এক ঝাল মুড়ি বিক্রেতা স্ত্রীর শ্লীলতাহানি এবং ঘর থেকে নগদ ৪৫ হাজার টাকা চুরির অভিযোগ উঠেছে তুহিন মিয়া (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে। গত ২২ এপ্রিল ভোরে উপজেলার খিদিরপুর ইউনিয়নের পীরপুর (উজানপাড়া) গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত তুহিন ওই এলাকার মনির মিয়ার ছেলে।
ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, পীরপুর গ্রামের ঝালমুড়ি বিক্রেতা আরিফ মিয়া গত ২২ এপ্রিল ভোর ৫টার দিকে কাজের উদ্দেশ্যে চালাকচর বাজারে যান। এর কিছুক্ষণ পর বিবাদী তুহিন মিয়া সুযোগ বুঝে আরিফ মিয়ার ঘরে প্রবেশ করেন। ঘরে ঢুকে তিনি আরিফ মিয়ার স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা করলে তার স্ত্রী চিৎকার শুরু করেন। এ সময় লোকজনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত দ্রুত পালিয়ে যান। পরে ভুক্তভোগী পরিবারটি দেখতে পায়, ঘরের ক্যাবিনেটের ড্রয়ারে রাখা ব্যবসার ৪৫ হাজার টাকাও নিয়ে গেছে ওই যুবক।
ঘটনার প্রত্যক্ষদর্শী প্রতিবেশী চন্দনা ও আবুল মিয়াসহ স্থানীয়রা জানান, তুহিন ইতিপূর্বে সৌদি আরবে ছিলেন এবং সেখানে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শাস্তি ভোগ করে দেশে ফেরেন। এলাকায় ফেরার পরও তিনি বিভিন্ন নেশা ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী আরিফ মিয়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের দ্বারে দ্বারে ঘুরে বিচার না পেয়ে অবশেষে মনোহরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর বাদশা বলেন অভিযোগ পেয়েছি ঘটনা তদন্তে ব্যবস্থা নেওয়া হইবে স্থানীয়ভাবে আপোষ-মীমাংসার চেষ্টা করায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান তিনি। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালাচ্ছে।