আলহাজ্ব বুলবুল চৌধুরী, নওগাঁ প্রতিনিধি– নওগাঁ জেলার পত্নীতলা থানাধীন উজিরপুর মিশন (ভূতপাড়া) এলাকা থেকে ১০০ লিটার চোলাইমদসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫, সিপিসি-৩।
র্যাব-৫ সূত্রে জানা যায়, প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব জঙ্গি, সন্ত্রাসী, মাদক, অস্ত্র, ছিনতাই, প্রতারণাসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত কয়েকদিন ধরে র্যাব-৫, সিপিসি-৩-এর গোয়েন্দা দল মাদক ব্যবসায়ী অপু কুমার চৌধুরীর (৩২) এর গতিবিধি পর্যবেক্ষণ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার উজিরপুর মিশন (ভূতপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

অপু উপজেলার উজিরপুর মিশন মাল্লাপাড়া গ্রামের ছোটকোন এর ছেলে। তার দেয়া তথ্য ও সাক্ষীদের উপস্থিতিতে তার কাছ থেকে ১০০ লিটার অবৈধ চোলাইমদ উদ্ধার করে যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা। মাদক কারবারী চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তাদের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে । গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়েছে।
অপর দিকে পত্নীতলা থানা পুলিশ একই দিনে মাদক বিরোধী পৃথক অভিযানে অবৈধ মাদক সেবনের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে থানা সূত্রে জানাগেছে।: