নিজস্ব প্রতিবেদক :জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ সরকারি বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং, ডেইলি বেসিস ও দপ্তরি-কাম-প্রহরী কর্মচারীদের চাকরির নিরাপত্তা, ন্যায্য অধিকার ও চাকরি স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে । বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে একই সরকারি প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করলেও এসব কর্মচারী চাকরির অনিশ্চয়তা, ন্যায্য বেতন-ভাতা না পাওয়া, হঠাৎ চাকরিচ্যুতি এবং বকেয়া পাওনা সহ নানা সমস্যার মধ্যে রয়েছেন। অথচ রাষ্ট্রীয় সেবা কার্যক্রমে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
তিনি বলেন, সংশোধিত আউটসোর্সিং নীতিমালা-২০২৫ অনুযায়ী, সরকারি মধ্যস্বত্বভোগী বা প্রতিষ্ঠাননির্ভর ব্যবস্থার পরিবর্তে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান সরাসরি কর্মী নিয়োগ ও ব্যবস্থাপনা করতে পারবে। এ সুযোগ কাজে লাগিয়ে দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে কর্মরত অভিজ্ঞ ও দক্ষ কর্মচারীদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
সমাবেশ থেকে স্ব স্ব প্রতিষ্ঠানে দীর্ঘদিন কর্মরত আউটসোর্সিং, ডেইলি বেসিস ও দপ্তরি-কাম-প্রহরী কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবি জানানো হয়। পাশাপাশি দ্রুত তাদের ৯ম পে-স্কেলের আওতায় আনা, সংশোধিত আউটসোর্সিং নীতিমালা-২০২৫ বাস্তবায়ন এবং মধ্যস্বত্বভোগী নির্ভরতা বন্ধ করে সরকারি প্রতিষ্ঠানগুলোর সরাসরি ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানানো হয়।
এ ছাড়া অন্যায়ভাবে চাকরিচ্যুত কর্মচারীদের পুনর্বহাল ও বকেয়া পাওনা পরিশোধ এবং বর্তমানে কর্মরত কর্মচারীদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
সমাবেশে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. জান্নাতুল নাঈমসহ বিভিন্ন দপ্তরে কর্মরত শতাধিক কর্মচারী উপস্থিত ছিলেন।