সিলেট ও মিয়ানমারে একদিনে ৪ বার ভূমিকম্প

বিশেষ সংবাদদাতা : বাংলাদেশের সিলেট জেলায় ও মিয়ানমারে পরপর চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে। তার মধ্যে সিলেট জেলার জকিগঞ্জ- বিয়ানি বাজার এবং বঙ্গোপসাগরের আন্দামান- নিকোবর এলাকায় গতকাল মধ্যরাতে ভূমিকম্প অনুভূত হয়। এছাড়া সিলেট অঞ্চলে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে পরপর দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে।

গতকাল বুধবার (১০ ডিসেম্বর, ২০২৫) মধ্যরাত রাত ২ টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে এবং ২ টা ৫৫ মিনিট ১৪ সেকেন্ডে এই ভূ-কম্পন দু’টি অনুভূত হয় বলে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে। এছাড়া সিলেট অঞ্চলের ভূ-কম্পন এলাকায় বসবাসকারী একাধিক বাসিন্দাও এমন তথ্য সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন। উভয় ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট জেলার বিয়ানিবাজার ও জকিগঞ্জ এলাকায়।
বিভিন্ন তথ্য সূত্রে জানা যায়, প্রথম ভূকম্পনটির মাত্রা ছিল ৩ দশমিক ৫ এবং পরেরটির মাত্রা ছিল ৩.৩। এর উৎপত্তিস্থল ছিল সিলেটের জকিগঞ্জ উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী অঞ্চলে। প্রথম ভূমিকম্পের কেন্দ্রের অবস্থান ছিল ২৪.৮৩০; ৯২.১৮০। গভীরতা ছিল ২০ কিলোমিটার। দ্বিতীয়টির অবস্থান ছিল ২৪.৭৯০ ; ৯২.২১০ এবং এর গভীরতা ছিল ৩০ কিলোমিটার। এ ঘটনায় সিলেটে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সূত্র বলছে, অপরদিকে একই রাতে আঞ্চলিকভাবে আরও দু’টি ভূমিকম্প আঘাত হানে। রাত ২টা ৫৪ মিনিট ৩ সেকেন্ডে মিয়ানমারে ৩.৭ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। উৎপত্তিস্থল ছিল উত্তর মান্দালয় থেকে ছয় কিলোমিটার দূরে। পরে রাত ৩টা ৩৮ মিনিট ৩৬ সেকেন্ডে বঙ্গোপসাগরের আন্দামান- নিকোবর এলাকার পাশে ৪.৩ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়, যার গভীরতা ছিল ১৫ কিলোমিটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com