বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির পাশাপাশি বর্তমানে বলিউডের পরিচালক-প্রযোজকদেরও ‘নয়নমণি’ হয়ে উঠেছেন তামান্না ভাটিয়া। ব্যক্তিগতজীবনের টানাপোড়েনকে পাশ কাটিয়ে এই অভিনেত্রীর ক্যারিয়ারের বৃহস্পতি যে তুঙ্গে, তা বললেও বাড়িয়ে বলা হয় না!
২০২৫ সাল কাঁপিয়েছিলেন ‘আজ কি রাত’ দিয়ে। যে আইটেম নম্বরে বুঁদ হয়েছিল আট থেকে আশি। চলতি বছরেও নায়িকার ঝুলিতে একাধিক প্রজেক্ট।
যেখানে কোনও আইটেম নম্বর নয়, বরং মুখ্য ভূমিকায় দেখা যাবে তামান্নাকে। আর সেই কারণেই কি বর্তমানে আকাশছোঁয়া পারিশ্রমিক হাঁকাচ্ছেন নায়িকা?
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, সম্প্রতি গোয়ার বাগা বিচে বর্ষবরণের রাতে একটি কনসার্টে যোগ দিয়েছিলেন তামান্না ভাটিয়া। যেখানে মাত্র ছয় মিনিটের পারফরম্যান্স ছিল অভিনেত্রীর। দক্ষিণী সুন্দরীর শরীরী হিল্লোল নিজ চোখে দেখতে মোটা টাকা খরচ করে ওই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ভক্তরাও।
আর সেই কনসার্টের জন্যই নাকি গগনচুম্বী পারিশ্রমিক হাঁকান তামান্না ভাটিয়া।
বলিউড মাধ্যম সূত্রে খবর, গোয়ার ওই কনসার্টে মাত্র ছয় মিনিট নাচ করার জন্য ৬ কোটি টাকা নিয়েছেন তামান্না। হিসেব কষলে দাঁড়ায় তামান্নার মিনিট প্রতি পারফরম্যান্সের দাম কোটি টাকা।
খবরটি প্রকাশ্য আসতেই শোরগোল পড়ে গেছে! এমন আকাশছোঁয়া পারিশ্রমিকের জন্য প্রশ্ন উঠেছে, যেখানে একটি মাত্র সিনেমার জন্য মুখ্য নায়িকারাই ৫-৬ কোটি পারিশ্রমিক নেন, সেখানে তামান্নার ক্যারিয়ার গ্রাফের কথা মাথায় রেখে এমন ডাকসাইটে পারিশ্রমিক কি আদৌ তার প্রাপ্য?
যদিও ‘স্ত্রী ২’ সিনেমায় ‘আজ কি রাত’ আইটেম গানের মারাত্মক সাফল্যের পরই তামান্না ভাটিয়া পারিশ্রমিক বাড়ানোর দাবি করেছিলেন।
সেটা সিনেমার ক্ষেত্রে খাটলেও কনসার্টের জন্যেও কি এমন গগনচুম্বী পারিশ্রমিক প্রযোজ্য? এমন প্রশ্ন অনেকের।