টাঙ্গাইল প্রতিনিধি :টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঐতিহ্যবাহী সাগরদীঘি বিনোদন কেন্দ্র এখন মাদকসেবীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। একসময় স্থানীয় বিনোদনপ্রেমীদের অন্যতম আকর্ষণ ছিল এই কেন্দ্র। কিন্তু কর্তৃপক্ষের অবহেলায় এটি এখন মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সাগরদীঘির পাড়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় নির্মিত পুরোনো ডাকবাংলোকে কেন্দ্র করে দৃষ্টিনন্দন এই বিনোদন কেন্দ্র গড়ে তোলা হয়। নির্মাণের পর এটি স্থানীয় মানুষের বিনোদনের অন্যতম কেন্দ্রে পরিণত হয়। বিশেষ করে শিশুদের মানসিক বিকাশ ও সুস্থ বিনোদনের জন্য কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ছিল স্থানীয় সচেতন মহলের। উদ্বোধনের পর দর্শনার্থীদের ভিড়ও সবার নজর কাড়ে।
তবে সম্প্রতি বিনোদন কেন্দ্রটি মাদকসেবীদের আশ্রয়স্থলে পরিণত হওয়ায় দর্শনার্থীরা মুখ ফিরিয়ে নিচ্ছেন। ইতোমধ্যে মাদকসেবীরা কেন্দ্রের দিঘীকেন্দ্রিক রেস্ট হাউসটির প্রধান ফটকের স্টিলের নেমপ্লেট, তালা ও ব্যানার নষ্ট করে ফেলেছে। পার্ক ও ডাকবাংলোর নির্দিষ্ট স্থানে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা থাকলেও দুষ্কৃতকারীদের শনাক্ত করতে কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। ফলে মাদকসেবী ও অপরাধীরা নির্ভয়ে বিনোদন কেন্দ্রটি ধ্বংসের পাঁয়তারা করছে বলে অভিযোগ রয়েছে।
সরেজমিনে দেখা যায়, বিনোদন কেন্দ্রটিতে তেমন কোনো দর্শনার্থী নেই। কেন্দ্রের এক পাশে আড্ডা দিচ্ছে স্থানীয় একদল কিশোর। ডাকবাংলোর পাশে পড়ে আছে এলজিইডির রাস্তার কাজে ব্যবহৃত পুরোনো একাধিক রোলার, মালবাহী জাহাজের কনটেইনার ও জেনারেটরের মতো ভারী যন্ত্রাংশ।
দূরদূরান্ত থেকে ঘুরতে আসা দর্শনার্থীরা পুরোনো এসব স্মৃতিবিজড়িত যন্ত্রাংশের পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন। কেউ স্মৃতির স্মারক হিসেবে ঘুরে ঘুরে দেখছেন এলজিইডির এসব যন্ত্রাংশ ও পুরোনো লাল দালান। বাবা-মায়ের সঙ্গে ঘুরতে আসা শিশুরাও এখান থেকে নতুন অভিজ্ঞতা অর্জন করছে।
পার্কে ঘুরতে আসা এক সরকারি কর্মকর্তা জানান, অনেক প্রত্যাশা নিয়ে মেয়েকে সঙ্গে করে এই বিনোদন কেন্দ্রে এসেছিলেন তিনি। তবে সুস্থ বিনোদনের পরিবর্তে অপ্রত্যাশিত অভিজ্ঞতা নিয়ে ফিরতে হচ্ছে। এখানে বখাটে ও মাদকসেবীদের কারণে পরিবার নিয়ে ঘুরে বেড়ানোর মতো পরিবেশ নেই।
সাগরদীঘি কলেজের অধ্যক্ষ মো. নাসির উদ্দিন জানান, পূর্ব ঘাটাইলের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান সাগরদীঘি। এই এলাকার জন্য সাগরদীঘি বিনোদন কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী প্রজন্মকে মাদকমুক্ত রাখতে সুস্থ বিনোদনের গুরুত্ব অপরিসীম। তাই ঘাটাইল উপজেলা প্রশাসনের উচিত পার্কটির প্রতি সুনজর দিয়ে কিশোর গ্যাং ও মাদকমুক্ত নির্মল পরিবেশ নিশ্চিত করা।
সাগরদীঘি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশরাফ উদ্দিন খান জানান, বিনোদন পার্কে মাদক সেবনের কোনো সুযোগ নেই। তবে স্থানীয় মাদকসেবীরা রেস্ট হাউস এলাকার ভেতরে কীভাবে প্রবেশ করে, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ নূরী তাসমিন উর্মি জানান, তিনি ইতোমধ্যে সাগরদীঘি বিনোদন কেন্দ্রের নানা সমস্যার কথা শুনেছেন। দ্রুত সময়ের মধ্যে পার্কটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।