পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতায় রংপুরে বিশ্ব ডিম দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক :রংপুর :ডিমে পুষ্টি, ডিমে শক্তি—ডিমে আছে রোগমুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে উৎসবমুখর পরিবেশে বিশ্ব ডিম দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার (৯ অক্টোবর) সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে নগরীর জেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে শোভাযাত্রাটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দপ্তরে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রংপুর জেলা প্রাণিসম্পদ দপ্তর, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল ও ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ শাখা যৌথভাবে এ আয়োজন করে। অনুষ্ঠানে আয়োজকসহ অংশগ্রহণকারীদের পরনে ছিল একই রঙের টি-শার্ট।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মো. আব্দুল হাই সরকার।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুহা. নাজমুল হুদার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিআইপি শাহাদাৎ গ্রুপের চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন (ভিআইপি), শাকিল পোল্ট্রি ফার্মের স্বত্বাধিকারী মাহবুব আলম এবং হাসমুরগী খামারের উপপরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম। এ ছাড়া প্রাণিসম্পদ দপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মানবদেহের প্রয়োজনীয় আমিষ ও পুষ্টির চাহিদা পূরণে ডিমের ভূমিকা অপরিসীম। শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষের শারীরিক বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রতিদিন অন্তত একটি বা দুটি ডিম খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা।

বক্তারা আরও বলেন, ডিমের পুষ্টিগুণ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি খামারিদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং বাজারে ডিমের ন্যায্যমূল্য নিশ্চিত করা জরুরি।

এ আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ডিমের স্বাস্থ্যগত উপকারিতা সম্পর্কে ব্যাপক সচেতনতা সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন তারা।

শোভাযাত্রা ও আলোচনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন পোল্ট্রি খামারের মালিকেরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *