২-১ গোলে পূবাইলকে হারিয়ে প্রশাসক গোল্ডকাপে ফাইনালে গাছা

মো. আবু সাঈদ চৌধুরী: উৎসবমুখর পরিবেশ, গ্যালারি ছাপিয়ে দর্শকের ঢল আর টানটান উত্তেজনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর প্রথম সেমিফাইনাল। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে অঞ্চল-২ পূবাইলকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে অঞ্চল-৩ গাছা।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে গাজীপুর শহীদ বরকত স্টেডিয়াম মাঠে এ সেমিফাইনাল অনুষ্ঠিত হয়।

গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে অনুষ্ঠিত ম্যাচ দেখতে খেলা শুরুর আগেই মাঠের চারপাশ দর্শকে পূর্ণ হয়ে যায়। গ্যালারির পাশাপাশি আশপাশের ভবনের ছাদেও ছিল দর্শকদের ভিড়। প্রিয় দলকে সমর্থন দিতে দর্শকদের উচ্ছ্বাস, করতালি ও স্লোগানে পুরো স্টেডিয়াম এলাকা মুখর হয়ে ওঠে।
ম্যাচের শুরু থেকেই পূবাইল ও গাছা অঞ্চলের খেলোয়াড়দের মধ্যে চলে আক্রমণ-পাল্টা আক্রমণ। দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে খেলায় ম্যাচটি একপর্যায়ে রীতিমতো উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে অঞ্চল-৩ গাছা। এই জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নেয় দলটি।
ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার। সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা খানম। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. হাসান উদ্দিন সরকার।
প্রধান অতিথির বক্তব্যে মো. শওকত হোসেন সরকার বলেন, খেলাধুলা তরুণ সমাজকে শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সৌহার্দ্যবোধ শেখায়। গাজীপুরের বিভিন্ন অঞ্চলের তরুণদের সুন্দর ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, মাদক ও অপরাধমুক্ত সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজনের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশের সুযোগ তৈরি হবে এবং নগরবাসীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি আরও দৃঢ় হবে।
তিনি আরও বলেন, ‘আমাদের দৃষ্টিতে আজ দু’দলই খেলায় জয়লাভ করেছে। তবে গোল ব্যবধানে যেহেতু গাছা এগিয়ে, তাই গাছাই ফাইনালে যাওয়ার যোগ্যতা অর্জন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *