ডেস্ক রিপোর্ট : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেছেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বর্তমান গণতান্ত্রিক সরকার দায়িত্ব গ্রহণের পর ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা পুনরুজ্জীবিত এবং ডিজিটাল প্রযুক্তির ব্যবহার জোরদার করা হয়েছে। সনাতন পদ্ধতির পরিবর্তে এখন ডেটা-ড্রাইভেন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসম্পন্ন ক্যামেরা ব্যবহারের মাধ্যমে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হচ্ছে।”
মঙ্গলবার (৩০ জুন) সকালে ট্রাফিক তেজগাঁও বিভাগ অফিস প্রাঙ্গণের এক সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
শেরেবাংলা নগর এলাকায় লেক রোডে এআই ক্যামেরা দিয়ে ট্রাফিক মামলা দায়ের ও যানবাহন মনিটরিং কার্যক্রমের উদ্বোধন শেষে ডিএমপি কমিশনার বলেন, “মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে কৌশলগত ডাইভারসন ব্যবস্থা চালু এবং অপ্রয়োজনীয় ক্রসিং বন্ধ করার ফলে যানজট অনেকটাই কমে এসেছে। চালকদের লেনে থাকা এবং সিগন্যাল মেনে চলার প্রবণতা বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা ট্রাফিক ব্যবস্থাপনায় দৃশ্যমান উন্নয়ন এনেছে।”
তিনি বলেন, “বিপজ্জনকভাবে লেন পরিবর্তন করলে, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালালে কিংবা অবৈধ পার্কিং করলে তা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হবে। সরাসরি কমান্ড সেন্টারের মাধ্যমে নিখুঁতভাবে ডিজিটাল পদ্ধতিতে ‘ই-প্রসিকিউশন’ বা মামলা করা হবে, যা গাড়ির মালিক বা চালক স্বচ্ছ প্রক্রিয়ায় নিষ্পত্তি করতে পারবেন। এর ফলে ট্রাফিক পুলিশকে সড়কে সশরীরে জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি থামানোর প্রয়োজন হবে না।”
কমিশনার বলেন, “পর্যায়ক্রমে ঢাকার অন্যান্য এলাকাকেও এই স্বয়ংক্রিয় ক্যামেরা নেটওয়ার্কের আওতায় আনা হবে। ঢাকাকে একটি সুশৃঙ্খল ও নিরাপদ স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে নগরবাসী, পরিবহন মালিক ও চালকদের আন্তরিক সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।”