কামরুল হাসান রনি : রাজধানীর উত্তরা সেক্টর-৮ এর আব্দুল্লাহপুরস্থ মালেকাবানু আদর্শ বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। আজ শনিবার (২৭ জুন) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য এস. এম. জাহাঙ্গীর হোসেন, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ও কার্যনির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ শরিফুল ইসলাম (টুটুল) এবং শিক্ষা অনুরাগী ও সমাজসেবক রাজিয়া সুলতানা (লাভলী)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট শাহিনা সুলতানা (লক্ষী)। সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নাহার (লিলি)।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং বিভিন্ন শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথি এস. এম. জাহাঙ্গীর হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও নৈতিক শিক্ষার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয় কর্তৃপক্ষের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।