রনি আহম্মেদ, রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি স্বাস্থ্যসেবা আরও কার্যকর ও জনবান্ধব করতে ৪১টি কমিউনিটি ক্লিনিক সচল রাখা এবং নদীপথে জরুরি রোগী পরিবহনের জন্য নৌ অ্যাম্বুলেন্স চালুর আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়া। বুধবার (১ এপ্রিল) দুপুরে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি এ আশ্বাস প্রদান করেন।
পরিদর্শনকালে এমপি দিপু বলেন, “হাম রোগ নিয়ে একটি মহল অযথা আতঙ্ক ছড়াচ্ছে। আক্রান্ত হলেই মৃত্যুর ঝুঁকি—এমন ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন। নারায়ণগঞ্জে পর্যাপ্ত হামের টিকা মজুদ রয়েছে। তাই আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়াই শ্রেয়।”
তিনি আরও বলেন, সরকার স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ বাস্তবায়ন করছে। এ খাতের সেবার মান বাড়াতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ও সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদারকিও জোরদার করা হয়েছে বলে জানান তিনি।
এ সময় তিনি হাসপাতালের জরুরি বিভাগ, পুরুষ ও নারী ওয়ার্ড পরিদর্শন করেন এবং ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসা সেবা সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবুজেল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভি ফেরদৌস শোভা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমানুর নাহার, আবাসিক মেডিকেল অফিসার ডা. অরূপ রতন নাহার, মেডিকেল অফিসার ডা. নেয়ামুল হাসান, ইউনিয়ন বিএনপি সভাপতি হাবিবুর রহমান বাবুল, সহ-সভাপতি রফিক উদ্দিন আহম্মেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।