ভালুকায় বেতন ও ঈদ বোনাসের দাবিতে  পোশাক শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ…   

ময়মনসিংহ প্রতিবেদক: মীর ফাহাদ :ময়মনসিংহের ভালুকায় বেতন ও ঈদ বোনাসের দাবিতে রাসেল অ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সোমবার (৯ মার্চ) সকালে উপজেলার কাঠালী এলাকায় কারখানার সামনে অবস্থান নিয়ে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন শ্রমিকরা। এ সময় সকাল ১০টা ৩০মিনিট থেকে প্রায় ১১টা মিনিট পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীরা। শ্রমিক সূত্রে জানা গেছে, এ কারখানাটিতে তারা প্রায় এক হাজার ৬৫০ জন শ্রমিক কর্মরত আছেন। তাদের অভিযোগ, প্রতি মাসের বেতন সাধারণত মাসের ১০ তারিখের মধ্যে পরিশোধ করা হলেও ফেব্রুয়ারি মাসের বেতন এখনো দেয়া হয়নি। এছাড়া অন্যান্য অনেক কারখানায় ঈদ বোনাস ইতোমধ্যেই দেয়া হলেও তাদের বোনাস দেয়া হয়নি। শ্রমিকরা আরো জানান, সামনে ঈদ হওয়ায় ফেব্রুয়ারি মাসের বেতন, ঈদ বোনাস ও মার্চ মাসের অর্ধেক অগ্রিম বেতনের দাবিতে তারা মহাসড়কে নেমে বিক্ষোভ করেন। পরে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সাথে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে কারখানার ভেতরে অবস্থান নেন। ঘটনাস্থলে ভালুকা মডেল থানা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে এবং শ্রমিকদের দাবি-দাওয়া বিষয়ে কারখানা কর্তৃপক্ষের আলোচনা করেন। এ বিষয়ে রাসেল অ্যাপারেলস লিমিটেড কারখানার এইচআর কমপ্লায়েন্স ম্যানেজার মো: এনামুল হক জানান, ফেব্রুয়ারি মাসের বেতন আগামী দুই-এক দিনের মধ্যে পরিশোধ করা হবে এবং পূর্বের ন্যায় ঈদ বোনাস আগামী ১৫ মার্চের মধ্যে দেয়া হবে। ময়মনসিংহ শিল্পপুলিশ ৫-এর পুলিশ সুপার (এসপি) মো: ফরহাদ হোসেন খান জানান, শ্রমিকরা কিছু দাবি-দাওয়া নিয়ে মহাসড়ক অবরোধ করেছিলেন। পরে কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমাধানের আশ্বাস পেলে তারা অবরোধ তুলে নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com