স্টাফ রিপোর্টার :স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, অনলাইন সাধারণ ডায়েরি এবং অন্যান্য সেবা দ্রুত ও সহজভাবে দেওয়ার কাজ চলছে। অতীতে পুলিশ ক্লিয়ারেন্স নিতে গিয়ে যে ধরনের ভোগান্তি হতো, সেই ধরনের সমস্যার পুনরাবৃত্তি যেন না হয় সে বিষয়ে সরকার কাজ করছে।
সোমবার (১১ মে) পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান পরিবর্তনশীল বিশ্ব ও সামাজিক বাস্তবতায় পুলিশিং এখন শুধু অপরাধ দমনের মধ্যে সীমাবদ্ধ নয়। পুলিশকে জনগণের সঙ্গে আস্থা ও বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলতে হবে এবং জনগণের প্রকৃত বন্ধু হিসেবে কাজ করতে হবে।
তিনি আরও জানান, সাইবার অপরাধ দমন কার্যক্রম জোরদার করতে একটি সমন্বিত সাইবার নিরাপত্তা অপরাধ দমন ইউনিট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ইউনিটের নেতৃত্বে একজন অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক পর্যায়ের কর্মকর্তা থাকবেন।
এ ছাড়া জঙ্গল সলিমপুর এলাকায় দুটি বড় প্রশিক্ষণ একাডেমি স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি। এর মধ্যে একটি বিশেষ বাহিনীর জন্য নির্ধারিত থাকবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে বিভিন্ন সময় কিছু ঘটনায় সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে গত কয়েক মাসে পুলিশ সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে কাজ করছে এবং জনগণের আস্থা পুনরুদ্ধারে অগ্রগতি হয়েছে।
তিনি আরও বলেন, পর্যটন খাতে নিরাপত্তা নিশ্চিত করতে পর্যটন পুলিশের সক্ষমতা বাড়ানো হচ্ছে। দেশের পর্যটন শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে, যাতে বিদেশি পর্যটকের সংখ্যা বৃদ্ধি পায় এবং দেশের ভাবমূর্তি আরও উন্নত হয়।