পল্লবীতে পুলিশের বিশেষ অভিযান ; তিনটি রিভলভার ও বিপুল পরিমাণ গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি রিভলভার ও ৭৩ রাউন্ড তাজা কার্তুজসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পল্লবী থানা পুলিশ। শুক্রবার (১৯ ডিসেম্বর, ২০২৫) বিকাল আনুমানিক পৌঁনে ৫টার দিকে মিরপুর-১১ এর ব্লক-সি ছয় তলা বিশিষ্ট পুরাতন সিটি কর্পোরেশন মার্কেটের তৃতীয় তলা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব আগ্নেয়াস্ত্র, গুলিও দেশীয় অস্ত্র উদ্ধারমূলে জব্দ করা হয়েছে।

আজ শনিবার (২০ ডিসেম্বর, ২০২৫) দুপুরে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর, ২০২৫) বিকাল আনুমানিক পৌঁনে ৫টার দিকে মিরপুর-১১ এর ব্লক-সি এলাকায় অভিযান পরিচালনা করে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

ডিএমপির পল্লবী থানা সূত্রে জানা যায়, পল্লবী থানার একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পল্লবী থানার মিরপুর ১১ এর ছয় তলা বিশিষ্ট পুরাতন সিটি কর্পোরেশন মার্কেটের তৃতীয় তলায় পরিত্যক্ত অবস্থায় কিছু অস্ত্রগুলি রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করে তিনটি রিভলভার, ৭৩ রাউন্ড তাজা কার্তুজ, একটি রিভালবারের কাভার, একটি চাপাতি ও দুইটি ছোট ছুরি উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত অস্ত্রগুলোর উৎস এবং মূল রহস্য উন্মোচনের জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পল্লবী থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com