নির্বাচনে দেশি পর্যবেক্ষক মোতায়েনে আবেদনের সময় বাড়াল ইসি

বাসস: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার পর্যবেক্ষক মোতায়েনে আবেদনের সময় বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ ইসি সচিবালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) ও বিকল্প তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. আশাদুল হক স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫ এর ৭.১.ক ধারা মতে নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার ১০ (দশ) দিনের মধ্যে অর্থাৎ ২১ ডিসেম্বরের মধ্যে পর্যবেক্ষক সংস্থাকে কোন কোন নির্বাচনি এলাকা (সংসদীয় আসনভিত্তিক) বা এলাকাসমূহে কেন্দ্রীয় বা স্থানীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণ করতে ইচ্ছুক তা উল্লেখ করে ইসির সিনিয়র সচিব বরাবর লিখিত আবেদন করতে বলা হয়েছিল।

পর্যবেক্ষক সংস্থা সমূহের আবেদনের প্রেক্ষিতে পর্যবেক্ষক মোতায়েন আবেদনের সময়-সীমা আগামী ২৯ ডিসেম্বর সোমবার অফিস সময় পর্যন্ত বৃদ্ধির বিষয়ে কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।

নির্বাচন কমিশন থেকে অনুমতি পাওয়ার পর কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার নির্বাচন কমিশন সচিবালয় হতে সরবরাহ করা হবে। স্থানীয় পর্যবেক্ষকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার সংশ্লিষ্ট রিটার্নিং/সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রদান করা হবে। পরিচয়পত্র ও গাড়ির স্টিকার সংগ্রহের সময় অনুমোদিত পর্যবেক্ষকের এইচএসসি/সমমানের সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং ফরম যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com