বিশেষ সংবাদদাতা : ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ২০২৪ সালের গণ–অভ্যুত্থানের অন্যতম নেতা শহীদ শরীফ ওসমান হাদি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন। শরিফ ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদসংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হয়েছে। এর আগে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে হাদির নামাজে জানাজা হয়। সেখানে লাখো মানুষ অংশ নেন। জানাজা শেষে মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয় এবং বিকেল ৩টার দিকে কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে নেওয়া হয়। ৩টা ৫০ মিনিটে দাফন সম্পন্ন হয়।
আজ শনিবার (২০ ডিসেম্বর, ২০২৫) বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। এর আগে দুপুর আড়াইটার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের অংশগ্রহণে শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
দাফনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম, ইনকিলাব মঞ্চের নেতা মুহাম্মদ আবদুল্লাহ আল জাবের, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় নাগরিক পার্টির নেতা আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ। এ সময় স্বজন ও শুভানুধ্যায়ীরা অশ্রুসজল চোখে তাকে শেষ বিদায় জানান। ব্যাপক জনসমাগম হওয়ায় অনেকে কবরস্থানের বাইরে থেকেই দোয়া ও মোনাজাতে অংশ নেন। তার বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে এ জানাজা আদায় করা হয়। জানাজা শেষে তাকে দাফনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত শহীদ শরীফ ওসমান হাদির নামাজে জানাজায় অংশ নেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, শ্রেণি-পেশার লাখো মানুষ জানাজায় অংশ নিয়ে শহীদ হাদির আত্মার মাগফিরাত কামনা করেন। আজ শনিবার সকালে শহীদ ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত সোহরাওয়ার্দী হাসপাতালে সম্পন্ন হয়। পরে মরদেহটি পুনরায় নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানে গোসল শেষে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে মিছিলসহ মরদেহটি মানিক মিয়া অ্যাভিনিউয়ের জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হয়।