গৃহকর্মীর ওপর নির্যাতনের অভিযোগ পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে

খুলনা ব্যুরো :খুলনার সোনাডাঙ্গায় তরকারি পুড়ে যাওয়াকে কেন্দ্র করে গৃহকর্মীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে সোনাডাঙ্গা থানার এসআই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী পপি মিত্রের বিরুদ্ধে।

বুধবার সকালে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার সোলার পার্কের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নির্যাতিত গৃহকর্মীর নাম মিলন। তিনি নরসিংদীর বাবা-মা বিহীন এতিম মেয়ে। ছোটবেলা থেকেই ওই বাড়িতে কাজ করেন। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে প্রতিবাদের ঝড় বইছে। অভিযোগ উঠেছে, পুলিশ দম্পতিকে বাঁচাতে মরিয়া হয়ে উঠেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, সোনাডাঙ্গার একটি বাড়ির বারান্দায় একজন নারীকে একাধিকবার কান ধরে উঠবস করানো হয় এবং লাঠি দিয়ে আঘাত করা হয়। পরে স্থানীয়রা ও সামাজিক সংগঠনের কয়েকজন নারী নেত্রী বাড়ির ভেতরে প্রবেশের চেষ্টা করলে প্রথমে বাধা দেওয়া হয়।

পরবর্তীতে ৯৯৯-এ কল করার পর তারা ভেতরে প্রবেশ করেন এবং ওই গৃহপরিচারিকাকে উদ্ধার করেন।

উদ্ধারের সময় তার শরীরের বিভিন্ন স্থানে গরম খুন্তি ও কড়াইয়ের আঘাতের গুরুতর চিহ্ন দেখা যায়। সূত্র জানায়, কুমড়ার তরকারি পুড়ে যাওয়াকে কেন্দ্র করে এ নির্মম ঘটনা ঘটেছে। এর আগেও ওই গৃহপরিচারিকার শরীরে বিভিন্ন ধরনের নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে বলে অভিযোগ রয়েছে।

নির্যাতিত গৃহকর্মীকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, পুলিশ দম্পতিকে বাঁচাতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা জোর চেষ্টা চালাচ্ছেন। সঞ্জয় মিত্র ও তার স্ত্রী পপি মিত্র দুজনই সোনাডাঙ্গা থানায় কর্মরত। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোনাডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com