নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা: তাসনিম জারা।
আজ শনিবার (২৭ ডিসেম্বর,২০২৫) সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দলটির এক যুগ্ম আহ্বায়ক।
ওই যুগ্ম আহ্বায়ক সাংবাদিকদের জানান, তাসনিম জারা স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন, এজন্য তিনি পদত্যাগ করেছেন।
এদিকে, শনিবার সন্ধ্যায় ফেসবুক পোস্টে তাসনিম জারা লিখেছেন, আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরো লেখেন, আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়বো। পরিস্থিতি যাই হোক না কেন, আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ। তাই এ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে ঢাকা-৯ থেকে অংশ নেবো।
পদত্যাগ করে তিনি এনসিপির দলীয় গ্রুপে লিখেছেন, ‘প্রিয় সহযোদ্ধাগণ, আমি দল থেকে পদত্যাগ করেছি। গত দেড় বছরে আপনাদের থেকে অনেক কিছু শিখেছি। সে জন্য আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের জন্য শুভকামনা রইল। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।
আমার একমাত্র ভরসা আপনারা। আপনাদের মেয়ে হিসেবে আমার সততা, নিষ্ঠা এবং নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছাশক্তির প্রেক্ষিতে আপনারা যদি স্নেহ ও সমর্থন দেন, তবেই আমি আপনাদের সেবা করার সুযোগ পাব।