উত্তরা থেকে ছিনতাইকৃত শটগান ও ৪ রাউন্ড গুলি শেরেবাংলা নগর থেকে উদ্ধার

মনির হোসেন জীবন, বিশেষ সংবাদদাতা : রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে ছিনতাইকৃত শটগান ও ৪ রাউন্ড গুলি শেরেবাংলা নগর থানা এলাকা থেকে উদ্ধার করেছে এলিট ফোর্স র‌্যাব-১।

র‌্যাব বলছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার যুক্তরাধাকান্তপুর (পূর্ব জাহাঙ্গীরপাড়া) গ্রামের মৃত সেরাজুল ইসলামের পুত্র অবসরপ্রাপ্ত সেনা সদস্য ভিকটিম মোঃ মাহবুব আলম (৫৭)। তার নামে লাইসেন্সকৃত তুর্কী প্রস্তুতকৃত একটি বারো বোর শটগানসহ ১০টি কার্তুজ রয়েছে (লাইসেন্স নং-৩৪৬৮২৬, চাঁপাইনবাবগঞ্জ)। তিনি গুলশান থানার বারিধারা এলাকায় সিকিউরিটি সার্ভিসেস এর মাধ্যমে নিয়োগ প্রাপ্ত হয়ে রাজধানীর উত্তরা পূর্ব থানার ৬নং সেক্টর, রোড নং-১৩/সি, বাসা নং-৬ (একতা হাউজ) এ বসবাসরত আলাল গ্রুপের প্রটোকল অফিসার হিসেবে নিয়োজিত।

আজ রোববার দুপুর ১টা সাত মিনিটে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১) এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মোঃ রাকিব হাসান দৈনিক আজকের আলোকিত সকালকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব-১ সূত্র জানিয়েছে, ভিকটিম মোঃ মাহবুব আলম গত শুক্রবার (১৬ জানুয়ারি, ২০২৬) দুপুর অনুমানিক ২টা ৫১ মিনিটের সময় উত্তরা পূর্ব থানার ৬নং সেক্টরস্থ রোড নং-১৩/সি বাসা নং-৬ (একত) হাউজ) থেকে বের হন। পরবর্তীতে উত্তরা পশ্চিম থানার ১৪নং সেক্টর, ১২নং রোডের ২৪নং বাসার সামনে আসলে একই দিন সন্ধ্যা অনুমানিক ৬টা ৪৮ মিনিটের সময় দাঁড়িয়ে থাকিলে একটি সাদা প্রডো গাড়ী আসে। ওই গাড়ীর পিছনে নিসান এক্সট্যাল ও একটি মোটরসাইকেল আসে। মাহবুব আলম প্রাডো গাড়ীর বাম পাশের দরজা খুলিয়া দিলে উক্ত গাড়ী থেকে অজ্ঞাতনামা এক জন ব্যক্তি নামার সাথে সাথে নিসান এক্সট্যাল গাড়ী থেকে অজ্ঞাতনামা ৪ জন এবং মোটরসাইকেল থেকে ২ জনসহ সর্বমোট ৬ জন ব্যক্তি (আসামী)রা বেআইনী জনতাবদ্ধে ভিকটিম মাহবুব আলমকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করার সাথে সাথে মাটিতে লুটিয়া পড়েন। তখন আসামীরা ভিকটিমের নিকট থাকা শটগান দ্বারা ভিকটিমের মুখের বাম পাশের চোয়ালে আঘাত করে চোয়ালের হাড়ভেঙ্গে গুরুত্বর জখম করে। অজ্ঞাতনামা আসামীরা ভিকটিমের লাইসেন্সকৃত শটগানসহ প্রাডো গাড়ী থেকে নামা অজ্ঞাতনামা ব্যক্তিকে জোরপূর্বক তাদের নিসান এক্সট্যাল গাড়ীতে তুলে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়া যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন উত্তরা পশ্চিম থানায় সংবাদ দিলে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ভিকটিমকে চিকিৎসার জন্য উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরবর্তী উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনায় ভিকটিমের ছেলে আব্দুল্লাহ ইসমে আযম (২৭) বাদী হয়ে ডিএমপির উত্তরা পশ্চিম থানায় অস্ত্রসহ অপহরণ মামলা দায়ের (রুজু) করেন।

র‌্যাব-১, মিডিয়া অফিসার মোঃ রাকিব হাসান জানান, এরই ধারাবাহিকতায় আজ রোববার (১৮ জানুয়ারি, ২০২৬) রাত আনুমানিক পৌঁনে ২টার সময় এলিট ফোর্স র‌্যাব-১, উত্তরার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি শেরেবাংলা নগর থানার শ্যামলী কল্যান সমিতিস্থ বাড়ী নং-১/বি/১, রোড নং-১ এর নিচ তলার পশ্চিম পাশের রুমে গার্মেন্টস সামগ্রীর গোডাউনের প্লাস্টিকের বস্তার মধ্য ছিনতাইকৃত বারো বোর শটগান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলি থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com