স্টাফ রিপোর্টার : পুরনো সহপাঠীদের সাথে আড্ডা, হারানো দিনের স্মৃতিচারণ আর আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে গাজীপুরে সম্পন্ন হলো ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি (IMA) এর বহু প্রতীক্ষিত পুনর্মিলনী অনুষ্ঠান “IMA Alumni Get-Together 2026”। শনিবার (১০ জানুয়ারি) একাডেমি প্রাঙ্গণে দিনব্যাপী এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।
স্মৃতি আর আড্ডায় রঙিন ক্যাম্পাস সকাল ১০টা থেকেই দেশ-বিদেশ থেকে আসা সাবেক ক্যাডেট ও তাদের পরিবারের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। রেজিস্ট্রেশন বুথগুলোতে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে বন্ধুদের সাথে প্রথম দেখার সেই হাসি আর কোলাকুলি বলে দিচ্ছিল, মেরিটাইম জীবনের বন্ধন কতটা গভীর। অনুষ্ঠানে আগত অতিথিদের মাঝে স্মারক ও র্যাফেল ড্র টিকেট বিতরণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়।
শ্রদ্ধা ও সম্মানের আনুষ্ঠানিকতা
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন মেরিটাইম অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। এসময় প্রয়াত সিপিও নূর হোসেনের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং একাডেমি গড়তে প্রশিক্ষক ও ক্যাডেটদের অবদানের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
আইএমএ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (IMAAA) এর সভাপতি, একাডেমির কমান্ড্যান্ট, ডেপুটি কমান্ড্যান্ট এবং ম্যানেজিং ডিরেক্টর তাদের বক্তব্যে একাডেমির সাফল্য ও ভবিষ্যতের পথচলা নিয়ে কথা বলেন। পুনর্মিলনীতে বিশিষ্ট অতিথিদের হাতে সম্মাননা স্মারকও তুলে দেওয়া হয়।
দুপুর ও বিকেলের বর্ণিল আয়োজন
মধ্যাহ্নভোজের পর শুরু হয় মূল বিনোদন পর্ব। ফটো সেশনে ব্যস্ত হয়ে পড়েন সবাই—কেউ একা, কেউবা পুরনো ব্যাচমেটদের নিয়ে ফ্রেমবন্দি করেন আনন্দময় মুহূর্তগুলো। বিকেলের আয়োজনে ছিল স্মৃতিচারণ, খেলাধুলা এবং কুইজ প্রতিযোগিতা।
সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠানে সাবেক ক্যাডেটদের প্রতিভা দর্শকদের বিমোহিত করে। গান, আবৃত্তি আর রম্য আলোচনায় উৎসবের আমেজ কয়েকগুণ বেড়ে যায়। দিনের শেষে একটি জাঁকজমকপূর্ণ র্যাফেল ড্র অনুষ্ঠানের উত্তেজনা বাড়িয়ে দেয়,জেলা ময়মনসিংহ থেকে আগত ভাবের তরী ব্যান্ড দল, জমকালো সঙ্গীতা অনুষ্ঠানে মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।
রাতে নৈশভোজ ও IMAAA সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। আয়োজকরা জানান, এই গেট-টুগেদার কেবল একটি অনুষ্ঠান নয়, এটি সাবেক শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ব, ঐক্য ও বন্ধনকে আরও সুদৃঢ় করার একটি প্রয়াস। তারা আশা প্রকাশ করেন, এই একতা ভবিষ্যতে মেরিটাইম সেক্টরে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে সহায়ক হবে।