সকাল ১০টার পর লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়াকে…

নিজস্ব প্রতিবেদকchannel7bd.com – এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নিতে আরও কিছুটা সময় লাগতে পারে। বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ‘কারিগরি সমস্যা’ দেখা দেওয়ায় এর আগমনে বিলম্ব হতে পারে বলে জানা গেছে।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডন সময় সন্ধ্যা ৬টায়, বাংলাদেশ সময় রাত ১২টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। তিনি শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছাবেন বলে বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার রাতে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, কাতার থেকে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি সমস্যার কারণে যাত্রা বিলম্ব হচ্ছে। এয়ার অ্যাম্বুলেন্স কাতার থেকে উড্ডয়ন করার পর এ বিষয়ে চূড়ান্ত তথ্য জানানো হবে।

ঢাকায় নেমেই জুবাইদা রহমান সরাসরি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে যোগ দেবেন এবং শাশুড়ি খালেদা জিয়াকে নিয়ে লন্ডনে ফিরবেন। এই পুরো প্রক্রিয়া মিলিয়ে খালেদা জিয়ার লন্ডনের উদ্দেশে রওনা দিতে শুক্রবার সকাল ১০টার পর হয়ে যেতে পারে বলে জানিয়েছেন বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র।

বিএনপি সূত্র আরও জানায়, জুবাইদা রহমান ঢাকায় পৌঁছানোর পরই খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলার প্রস্তুতি চূড়ান্ত করা হবে। ফলে রওনার সময় কিছুটা পিছিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি।

এর আগে দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক কাতার এয়ার লাইন্সের মাধ্যমে আজ মধ্যরাতের পর বা আগামীকাল সকালে তাকে লন্ডনে নেওয়া হবে। চিকিৎসক দলের কয়েকজন সদস্যও তার সঙ্গে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com