শ্রীপুরে দোকানে তালা ঝুলিয়ে চাঁদা দাবি, অভিযুক্ত বিএনপি নেতাসহ ৪

সোহাগ রানা, গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে এক ক্ষুদ্র ব্যবসায়ীর দোকানে তালা ঝুলিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো. জহিরুল ইসলাম জনি শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযুক্তরা হলেন— ভুতুলিয়া গ্রামের নাদিম (৩৮), ইসরাফিল মাস্টার (৪৫), মার্কেট মালিক মো. রশিদ (৫৫) এবং তার ছেলে মিলন (৩২)। স্থানীয়দের দাবি, অভিযুক্ত নাদিম ও ইসরাফিল রাজনৈতিকভাবে প্রভাবশালী।
​অভিযোগ সূত্রে জানা যায়, ভুতুলিয়া গ্রামের নায়েব আলী মার্কেটের ‘বাপ বেটা স্টোর’-এর মালিক জহিরুল ইসলাম জনি গত ৭ ডিসেম্বর সকালে দোকানে গিয়ে দেখেন, তার দেওয়া তালার ওপর অতিরিক্ত দুটি তালা লাগানো। বিষয়টি মার্কেট মালিককে জানালে অভিযুক্ত নাদিম ও ইসরাফিল দোকান খোলার বিনিময়ে নগদ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। দীর্ঘ ২০ দিন ধরে দোকান বন্ধ থাকায় ওই ব্যবসায়ী বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন।

​ভুক্তভোগী জনি জানান, “চাঁদা দিতে না পারায় তারা আমাকে মারধর ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। দোকানের চাবিও বর্তমানে নাদিমের কাছে রয়েছে।” এ বিষয়ে মার্কেট মালিকের ছেলে মিলন জানান, মালিক পক্ষ থেকে কোনো তালা দেওয়া হয়নি।

​এ বিষয়ে শ্রীপুর মডেল থানা পুলিশ জানায়, “অভিযোগটি তদন্তের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। কোনো ব্যবসা প্রতিষ্ঠানে বেআইনিভাবে তালা লাগানো বা চাঁদা দাবি করা ফৌজদারি অপরাধ। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

​ভুক্তভোগী ব্যবসায়ী তার দোকানটি ফিরে পেতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com