কাউছার আলম, লক্ষ্মীপুর প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বর্ণাঢ্য প্রচারণামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩জানুয়ারী) বিকাল ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় নির্বাচন ও গণভোটে ভোটারদের অংশগ্রহণ বাড়াতে বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার ও স্লোগান প্রদর্শন করা হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউসার। এ ছাড়া সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিকরা অংশ নেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউসার বলেন,
“নির্বাচন ও গণভোট একটি গণতান্ত্রিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভিত্তি। ভোটারদের সচেতন ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের কর্মসূচি অত্যন্ত জরুরি। জনসচেতনতা বাড়লে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন ও গণভোট সম্ভব হবে।”
আয়োজকরা জানান, ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন ও গণভোট সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যায়ক্রমে আরও জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হবে।