মোহাম্মদ সালাহ উদ্দিন, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন২০২৬ নেত্রকোণা-৩, ১৫৯ (কেন্দুয়া-আটপাড়া) সংসদীয় আসনে ৬ প্রার্থীর কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি বলে জানা যায় সংশ্লিষ্ট সূত্রে ।
২০ জানুয়ারী মঙ্গলবার নির্বাচন কমিশেনের (ইসি) তফসিল অনুযায়ী তাদের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন হলেও নিজের মনোনয়নপত্র কেউ প্রত্যাহার করেননি ।
এর আগে গত ৪ জানুয়ারী মনোনয়নপত্র বাছাইয়ে উক্ত আসনে যে ৬ প্রার্থীর প্রার্থীতা বৈধ হন তাঁরা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানের শীষের মনোনীত প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালী, স্বতন্ত্র প্রার্থী মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া (দুলাল), বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মোঃ খায়রুল কবির নিয়োগী, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোঃ আবুল হোসেন তালুকদার, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ শামছুদ্দোহা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ জাকির হোসেন ।
এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন- ৬ জনের মধ্যে কারো প্রার্থিতা প্রত্যাহারের কোন তথ্য এখনো পর্যন্ত আমাদের কাছে নেই । উক্ত ৬ জনই চূড়ান্ত মনোনয়ন প্রার্থী ।
উল্লেখ্য নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের দিন শেষে আগামী ২১ জানুয়ারী প্রতীক বরাদ্দ এবং ২২ জানুয়ারী থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু হবে ।