স্টাফ রিপোর্টার : জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী আলোচিত যোদ্ধা তাহরিমা আক্তার সুরভী’র রাজধানীর অদূরে গাজীপুরের টঙ্গীর বাসায় গিয়ে তার পাশে থাকার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি, ২০২৬) রাতে দলীয় নেতাকর্মীকে সঙ্গে নিয়ে গাজীপুরের টঙ্গীর বাসায় যান তিনি।
এসময় জামিনে মুক্তি পাওয়া সুরভীর খোঁজ নিতে গিয়ে নাহিদ ইসলাম স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যমকে বলেন, সুরভীর বিরুদ্ধে দায়ের করা মামলাটি বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত এবং সুপরিকল্পিত চরিত্রহননের অপচেষ্টা। তার দাবি, জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারিতে থাকা ব্যক্তিদের পরিকল্পিতভাবে বিতর্কিত করতেই এ মামলার জন্ম।
এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা এখানে কোনো বিশেষ সুবিধা চাইতে আসিনি। আমরা শুধু ন্যায়বিচার চাই। একটি মিথ্যা মামলায় একজন গণঅভ্যুত্থানের যোদ্ধাকে কারাগারে পাঠানো হয়েছে। গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করার কারণে প্রশাসন যেন তার বিরুদ্ধে কোনো প্রতিহিংসামূলক অবস্থান না নেয়, এই দাবিই জানাতে এসেছি।
তিনি আরো বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে গণঅভ্যুত্থানের সঙ্গে যুক্ত নেতাকর্মীদের কোণঠাসা করতে একটি গোষ্ঠী সক্রিয় হয়ে উঠেছে। এই গোষ্ঠী বিভিন্ন মাধ্যম ব্যবহার করে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
নির্দিষ্ট কয়েকটি গণমাধ্যমের নাম উল্লেখ করে এনসিপি আহ্বায়ক অভিযোগ করেন, কিছু মিডিয়া হাউস ধারাবাহিকভাবে এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে।
তার ভাষ্য অনুযায়ী, এসব গণমাধ্যমের মালিকানা ও রাজনৈতিক সংশ্লিষ্টতা দেশবাসীর অজানা নয়। সুরভীর বাসায় অবস্থানকালে নাহিদ ইসলাম আন্দোলনের ভেতরে অনুপ্রবেশকারী একটি স্বার্থান্বেষী গোষ্ঠীর বিষয়েও সতর্ক করেন।
তিনি ছাত্র-জনতাকে বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বলেন, সুরভীর মামলাটি এই বৃহত্তর ষড়যন্ত্রেরই অংশ। এ সময় সুরভীর বাসার সামনে নেতাকর্মী ও সমর্থকের ভিড় দেখা যায়। তারা সুরভীর প্রতি সংহতি জানিয়ে ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানান। এলাকাবাসীর অনেকেই ঘটনাটিকে ঘিরে কৌতূহল প্রকাশ করেন।
এর আগে একজন সাংবাদিকের দায়ের করা অপহরণ ও চাঁদাবাজির মামলায় গতকাল সোমবার সকালে তাহরিমা আক্তার সুরভীকে আদালতে হাজির করা হয়। পুলিশ তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন জানালে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। এ আদেশের পর আদালত চত্বরে ছাত্র-জনতার বিক্ষোভ শুরু হয়। পরে বিকেলে জেলা ও দায়রা জজ আদালতে রিভিশন আবেদন করা হলে শুনানি শেষে আদালত রিমান্ড আদেশ বাতিল করেন এবং গতকাল সোমবার রাতে তাহরিমা আক্তার সুরভীকে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তির আদেশ দেন।
সুরভীর জামিন ও তার বাসায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের এই সরেজমিন উপস্থিতিকে কেন্দ্র করে টঙ্গীজুড়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, ঘটনাটি শুধু একটি মামলার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি চলমান রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন।