চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা : পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

মোঃ ইসমাইল হোসেন (নীলফামারী প্রতিনিধি): দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র ইতোমধ্যে চীনের কাছে পাঠানো হয়েছে এবং অর্থায়ন সংক্রান্ত বিষয়েও চূড়ান্ত আলোচনা সম্পন্ন হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নীলফামারীতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচিতে অংশ নিতে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, বর্তমানে চীনা সরকারের একটি বিশেষজ্ঞ দল তিস্তা মহাপরিকল্পনার সার্বিক দিক যাচাই-বাছাই করছে। তাদের সম্মতি পেলেই প্রকল্পটির বাস্তব কাজ শুরু করা হবে। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে উত্তরাঞ্চলের কৃষি, সেচ ব্যবস্থা ও মানুষের জীবনমানের উল্লেখযোগ্য উন্নয়ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় তিনি দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে বলেন, দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে এগিয়ে নিতে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অত্যন্ত জরুরি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের পাশাপাশি জনগণেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি আরও বলেন, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই জনগণ দেশের ভবিষ্যৎ পথচলা নির্ধারণ করবে।

উল্লেখ্য, নীলফামারীতে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে “গণভোট ২০২৬, দেশের চাবি আপনার হাতে”—এই স্লোগানকে ধারণ করে ‘ভোটের গাড়ি’ কর্মসূচি শুরু হয়েছে। এর অংশ হিসেবে রোববার দুপুর ২টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বক্তব্যে বলেন ভোট নিয়ে কোন সংশয় নেই। জনগন ১৬বছর ভোট দিতে পারেন নাই, ভোট দেয়ার জন্য মুখিয়ে আছে। ভোট হবে না এসব নিয়ে কোন বিভ্রান্তি ছড়াবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com