গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সদর উপজেলা মহিলা দলের কমিটি গঠন ও পদায়ন নিয়ে অভ্যন্তরীণ কোন্দল ও ‘পদ বাণিজ্যের’ অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। দলের একাংশের নেতাকর্মীদের দাবি, ত্যাগী ও সক্রিয় কর্মীদের বাদ দিয়ে আর্থিক লেনদেনের বিনিময়ে অযোগ্যদের পদে বসানো হচ্ছে। তবে এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন নেত্রী নাছিমা আক্তার।
দীর্ঘদিন ধরেই গাজীপুর মহিলা দলের তৃণমূল পর্যায়ে ক্ষোভ বিরাজ করছিল। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেত্রী অভিযোগ করেন যে, যোগ্যতার চেয়ে আর্থিক লেনদেনই এখন পদ পাওয়ার বড় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
এই অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে নাছিমা আক্তার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, “পদ বাণিজ্যের এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। এখানে পদ নিতে কোনো প্রকার আর্থিক লেনদেন হয় না এবং হওয়ার সুযোগও নেই।”
জান্নাতুল ফেরদৌসিকে পদ থেকে সরিয়ে দেওয়া বা সমন্বয় করার বিষয়ে তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, “দলের উন্নয়নের স্বার্থে এবং গঠনতন্ত্র অনুযায়ী তাকে বর্তমান অবস্থানে আনা হয়েছে। তবে ভবিষ্যতে তাকে আরও উপরস্থ পদে নিয়ে যাওয়ার পরিকল্পনা আমাদের রয়েছে। ফেরদৌসি অত্যন্ত সহজ-সরল মানুষ। তিনি হয়তো দলের প্রতিপক্ষের উসকানিতে না বুঝে আমাদের বিরুদ্ধে এমন ভুল অভিযোগ তুলেছেন।”
নাছিমা আক্তার আরও দাবি করেন যে, দলকে সুসংগঠিত করার জন্য গঠনতান্ত্রিক পক্রিয়ায় কমিটি সাজানো হচ্ছে, যা একটি মহলের গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে তারা মিথ্যা অপপ্রচার চালিয়ে দলের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে।
তৃণমূলের কর্মীরা মনে করছেন, দলের উচ্চপর্যায় থেকে দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই বিতর্কের অবসান ঘটানো প্রয়োজন। অন্যথায়, আগামী দিনের আন্দোলনে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।