ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে মহান বিজয় দিবস উদযাপন

বাসস : পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে যথাযথ মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপিত  হয়েছে। 

দিবসটি উপলক্ষ্যে হাইকমিশন কমপ্লেক্সে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা আয়োজন করা হয়। হাইকমিশনের সকল কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্য এবং প্রবাসী বাংলাদেশিরা এ অনুষ্ঠানমালায় অংশগ্রহণ করে। বিজয় দিবসের ব্যানার ও পোস্টার দিয়ে দূতালয় প্রাঙ্গণ সুসজ্জিত করা হয়। আজ ঢাকায় প্রাপ্ত এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। 

আজ মঙ্গলবার সকালে হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান উপস্থিত সকলকে নিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। তারপর কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা অনুষ্ঠান শুরু হয়। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। পরে মহান বিজয় দিবসের তাৎপর্যভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। আলোচনাপর্বে বক্তারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন।

সমাপনী বক্তব্যে হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান বলেন, ১৬ ডিসেম্বর বাঙালি জাতির এক গৌরবোজ্জ্বল দিন। তিনি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদ, যুদ্ধাহতসহ সকল বীর মুক্তিযোদ্ধা, সম্ভ্রমহারা মা-বোন, শহীদ পরিবারের সদস্য ও আমাদের স্বাধীনতা আন্দোলনে অবদান রাখা সকল সংগ্রামী যোদ্ধাদের, যাঁদের ত্যাগ ও আত্মদানের মধ্য দিয়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। এছাড়া, তিনি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত ছাত্র-জনতার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com