অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাবার, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি

মোঃ শাহ আলম সরকার : সাভার জিরানী বাজার ও বিকেএসপি (BKSP) সংলগ্ন এলাকায় রাস্তার পাশে চরম অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের খোলা খাবার। প্রতিদিন হাজার হাজার মানুষ বিশেষ করে শিক্ষার্থী, ক্রীড়াবিদ এবং সাধারণ পথচারীসহ গার্মেন্টস শ্রমিকদের এসব খাবার গ্রহণ করায় দীর্ঘমেয়াদী স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা দেখা দিচ্ছে।

​রাস্তার ধুলোবালি ও ময়লা-আবর্জনার স্তূপের ঠিক পাশেই বসে সিঙ্গাড়া, সমুচা ও পুরি ভাজছেন দোকানিরা। খাবারের দোকানগুলোর চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে প্লাস্টিক বর্জ্য ও কাগজের টুকরো।

অধিকাংশ দোকানেই ভাজা খাবারগুলো খোলা অবস্থায় রাখা হয়েছে, যার ওপর অনবরত বসছে মাছি এবং রাস্তার ধুলোবালি। ​নোংরা পরিবেশ ও দোকানের নিচেই দেখা গেছে পচা নর্দমা ও আবর্জনার স্তূপ। ড্রেনের পাশেই অস্বাস্থ্যকর অবস্থায় পিঠা ও নাস্তা তৈরির প্রক্রিয়া চলছে।

​নিম্নমানের এবং পোড়া তেল বারবার ব্যবহারের ফলে এসব খাবার আরও বেশি বিষাক্ত হয়ে উঠছে বলে অভিযোগ স্থানীয়দের।

​বিকেএসপিতে আসা এক অভিভাবক বলেন, এখানে বাচ্চারা খেলাধুলা করতে আসে। ক্ষুধার্ত হয়ে তারা যখন এসব বাইরের খাবার খায়, তখন তারা বড় ধরনের পেটের পীড়া বা টাইফয়েডের মতো রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে। কর্তৃপক্ষের উচিত এগুলো কঠোরভাবে নিয়ন্ত্রণ করা।

​চিকিৎসকদের মতে, এভাবে খোলা পরিবেশে তৈরি খাবার খেলে ডায়রিয়া, আমাশয়, জন্ডিস এমনকি দীর্ঘমেয়াদে লিভার ও কিডনির জটিলতা দেখা দিতে পারে। বিশেষ করে রাস্তার ধুলোবালিতে থাকা সিসা ও জীবাণু সরাসরি খাবারের মাধ্যমে শরীরে প্রবেশ করছে।

​স্থানীয়দের দাবি, নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান না থাকায় এই দোকানিরা কোনো নিয়মনীতির তোয়াক্কা করছে না। বিকেএসপির মতো একটি জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সামনে এমন অস্বাস্থ্যকর চিত্র জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে।

​অবিলম্বে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বৃদ্ধির দাবি জানিয়েছেন এলাকাবাসী ও সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com