ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো: এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে আর মাত্র সাত দিন বাকি থাকলেও রাজশাহীর বাঘা উপজেলার কেশবপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের ৩৯ জন পরীক্ষার্থী চরম অনিশ্চয়তায় পড়েছেন। ফরম ফিলাপ ও রেজিস্ট্রেশন সম্পন্ন না হওয়ায় তারা পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে উদ্বেগে দিন কাটাচ্ছেন।
জানা গেছে, চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৪০ জন শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও একজন ছাড়া বাকি ৩৯ জনের ফরম ফিলাপ সম্পন্ন হয়নি। এছাড়া এসব শিক্ষার্থীর মধ্যে ৩৪ জনের নবম শ্রেণির রেজিস্ট্রেশনও করা হয়নি বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, নির্ধারিত ফি জমা দেওয়ার পরও তাদের ফরম পূরণ করা হয়নি। আব্দুর রাজ্জাক, আব্দুল্লাহ, সোনিয়া, খাদিজা ও ইতি খাতুনসহ একাধিক শিক্ষার্থী বলেন, “সব নিয়ম মেনে টাকা দেওয়ার পরও আমরা এখন পরীক্ষায় বসতে পারব কি না, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।”
বুধবার (১৫ এপ্রিল) রাজশাহী শিক্ষা বোর্ডে যোগাযোগ করা হলে তারা জানায়, কেশবপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে এখন পর্যন্ত প্রয়োজনীয় নথিপত্র জমা না দেওয়ায়, প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কামারুজ্জামান বলেন, ফরম ফিলাপের দায়িত্ব অফিস সহকারীকে দেওয়া হয়েছিল। কীভাবে এত শিক্ষার্থীর ফরম বাদ পড়েছে, তা তিনি নিশ্চিত নন। তবে শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।
রাজশাহী শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক শামীম হাসান বলেন, অধ্যক্ষ বোর্ডে এলেও প্রয়োজনীয় হার্ডকপি জমা দেননি। বর্তমানে চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
অন্যদিকে, প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পরীক্ষা ঘনিয়ে আসায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। দ্রুত সমস্যা সমাধান না হলে এসব শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।