চট্টগ্রাম বন্দরে ভিড়েছে মালয়েশিয়ার জ্বালানিবাহী জাহাজ…

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রাম :মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টনের বেশি ডিজেল নিয়ে আসা ১৮৪ দশমিক ৯৫ মিটার লম্বা ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের ট্যাংকার জাহাজটি চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে ভিড়েছে।

চীনের পতাকাবাহী জাহাজটির ড্রাফট (পানির নিচের অংশ) ১০ মিটারের বেশি থাকায় সরাসরি কর্ণফুলী নদীর বন্দর জেটিতে আনা যায়নি। কারণ ডলফিন জেটিতে সাড়ে ৯ মিটার ড্রাফটের জাহাজ আনা হয়। তাই নিয়ম অনুযায়ী বহির্নোঙরে চারটি ছোট ট্যাংকার জাহাজে খালাস করা হয়েছে ৭ হাজার ৭২৭ টন ডিজেল। তারপর বন্দরের অভিজ্ঞ পাইলটের তত্ত্বাবধানে শক্তিশালী টাগবোটের সহায়তায় রোববার (৫ মে) বেলা ১টার দিকে জাহাজটি পতেঙ্গার ৬ নম্বর ডলফিন জেটিতে ভেড়ানো হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ শিপিং করপোরেশন (বিপিসি) ও জাহাজটির স্থানীয় এজেন্টের কর্মকর্তারা এসব বিষয় নিশ্চিত করেছেন। জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস।

প্রাইডের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জানান, মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অয়েল ট্যাংকার ‘শান গ্যাং ফা জিয়ান’ শুক্রবার (৩ এপ্রিল) রাত ১০টার দিকে পৌঁছে। এরপর ড্রাফট কমানোর জন্য চার ট্রিপ লাইটারিং করা হয়েছে। রোববার দুপুরে জাহাজটি ডলফিন জেটিতে ভিড়েছে। আশা করি দুইদিনের মধ্যে জাহাজে থাকা বাকি ডিজেল খালাস হয়ে যাবে।

তিনি জানান, ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে সিঙ্গাপুর থেকে আসা অপর জাহাজটি রোববার (৫ এপ্রিল) ডলফিন জেটি ছেড়ে গেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, দেশের চলমান জ্বালানি সংকট নিরসনে তেল ও গ্যাস নিয়ে আসা জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়া হচ্ছে।

বিপিসি সূত্রে জানা গেছে, পাইপলাইনে থাকা তেল গ্যাসের পাশাপাশি নতুন নতুন দেশ থেকে জ্বালানি তেল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com